ছবি সংগৃহীত
আজ সুকান্ত ভট্টাচার্যের ৮৭তম জন্মজয়ন্তী
আপডেট: ১৫ আগস্ট ২০১৩, ০৭:৩৩
আজ বাংলা সাহিত্যের ক্ষণজন্মা কবি সুকান্ত ভট্টাচার্যের ৮৭তম জন্মজয়ন্তী। ১৯২৬ সালের এ দিনে অবিভক্ত বাংলার পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন তিনি। ২১ বছর পূর্ণ হবার আগেই ক্ষয়রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। বিদ্রোহ ছিল তার প্রথম চিৎকারে, সে বিদ্রোহকে আড়াল করতে পারেনি মৃত্যু। তার ২১ বছরের ছোট্ট জীবনে যে বিদ্রোহ ও প্রতিবাদের বাণী উচ্চারণ করেছেন, তা বাঙালিসহ সমস্ত মানবজাতির জন্য অনুপ্রেরণা। ১৯২৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন সুকান্ত ভট্টাচার্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি প্রবেশিকা পরীক্ষায় অংশ নেন। অকৃতকার্য হয়ে জড়িয়ে পড়েন বামপন্থী আন্দোলনে। ২য় বিশ্বযুদ্ধ, তেতাল্লিশের মম্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গাসহ সমসাময়িক সব অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কলম ধরেন তিনি। একের পর এক বিদ্রোহের পদাবলী ঝরেছে তার কলম দিয়ে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, মিঠে-কড়া, গীতিগুচ্ছ। যদিও বেশিরভাগ গ্রন্থই প্রকাশিত হযেছে তার মৃত্যুর পর। ১৯৪৪ সালে ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন তিনি। সংগঠনের কাজে অত্যাধিক পরিশ্রমের ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। ভোগেন দূরারোগ্য ক্ষয়রোগে। ১৯৪৭ সালের ১৩ মে কলকাতায় মৃত্যুবরণ করেন তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ