ছবি সংগৃহীত
হজরত সুলাইমান আলাইহিস সালাম-এর বংশ পরিচয়
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৫, ০২:১৭
হজরত সুলাইমান [আ.] হজরত দাউদ [আ.]-এর পুত্র। এজন্য তাঁর বংশপরম্পরা ইয়াহুদার সূত্রে হজরত ইয়াকুব [আ.] [ইসরাইল] পর্যন্ত পৌঁছে। তাঁর মাতার নাম জানা যায়নি। তাওরাতে এসেছে, (سبع بنت) বিনতে সাবা। তাও এভাবে যে, প্রথমে তিনি ছিলেন আওরিয়্যাহ-এর স্ত্রী। পরবর্তীতে তিনি দাউদ [আ.]-এর স্ত্রী হন এবং তার গর্ভে জন্মগ্রহণ করেন হজরত সুলাইমান [আ.]। কিন্তু ইতোপূর্বে আমরা এই কাহিনির অসারতা স্পষ্ট করেছি । সুতরাং, হজরত সুলাইমান [আ.]-এর মায়ের নাম ঐতিহাসিক দিক থেকেও শুদ্ধ নয়। ইবনে মাজাহ শরিফের একটি হাদিসে শুধু এতটুকু বর্ণিত আছে যে, সুলাইমান [আ.]-এর জননী একবার তাঁকে এ নসিহত করেন যে, বৎস, রাতভর ঘুমাবে না। কারণ রাতের অধিকাংশ অংশ ঘুমিয়ে কাটালে তা মানুষকে কিয়ামতের দিন নেক কাজের ভিখারি বানিয়ে দেবে। কুরআনুল কারিমও শুধু এতটুকু জানিয়েছে যে, তিনি হজরত ইয়াকুব [আ.]-এর মাধ্যমে হজরত ইবরাহিম [আ.]-এর বংশধর। “আর আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকুবকে, তাদের দু-জনকে আমি হেদায়েত দান করেছি এবং ইতোপূর্বে হেদায়েত দান করেছি নুহকে, এবং তার বংশধরদের মধ্য হতে দাউদ, সুলাইমানকে।” [সুরা আনআম] সূত্র : কাসাসুল কুরআন, তাফসিরে ইবনে কাসির হাফেজ মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর