ছবি ও রেসিপি কৃতজ্ঞতা: মুক্তি আফরোজ

খুব সহজে হাতে কাটা সেমাই পিঠা (রেসিপি ও ভিডিও)

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৭, ২১:০৬
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭, ২১:০৬

(প্রিয়.কম) পিঠার এই মৌসুমে ভাপা পিঠা বা চিতই পিঠা প্রায় প্রতিদিনই খাওয়া হবে। কিন্তু কিছু কিছু পিঠা আছে যা একেবারেই গ্রামীণ আমেজ এনে দেবে আপনার মনে। সেমাই পিঠা, সেউই পিঠা, চুই পিঠা- বিভিন্ন নামে ডাকা এই পিঠাটি দেশের বিভিন্ন অঞ্চলেই প্রচলিত। ছোট্ট ছোট্ট এই পিঠা তৈরি ঝামেলা হবে ভেবে অনেকেই তা তৈরির চেষ্টা করেন না। কিন্তু প্রণালীটি জানা থাকলে আসলে তা বেশ সহজ। চলুন, সেমাই পিঠা তৈরির ট্রাডিশনাল উপায়টি দেখে নিই আজ, সাথে রইল ভিডিও। 

উপকরণ

- ১ কাপ চালের গুঁড়ো

- সিকি চা চামচ লবণ

- ১ কাপ পানি

- ১ কেজি দুধ

- গুড় এবং চিনি স্বাদমত

- ২টি এলাচ

- ২ টুকরো দারুচিনি

সেমাই পিঠা

প্রণালী

১) প্রথমেই সেমাই পিঠার খামির তৈরি করে নিন। এরপর জন্য এক কাপ পানিতে একটু লবণ দিয়ে ফুটিয়ে নিন। পানি ফুটে এলে এতে চালের গুঁড়ো দিন এবং খুবই কম আঁচে সেদ্ধ করুন ১০ মিনিট। এরপর খামিরটা একটি আলাদা পাত্রে নামিয়ে নিন এবং একটু ঠাণ্ডা হতে দিন। খুব বেশী ঠাণ্ডা করবেন না। হাতে ধরার মত গরম থাকতেই মাখিয়ে খামির তৈরি করে নিন। 

২) খামির থেকে ছোট ছোট কিছু অংশ আলাদা করে নিন। খামিরটাকে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন যাতে একদম শুকিয়ে না যায়। এরপর ছোট অংশটাকে একটু চালের গুঁড়োতে মাখিয়ে লম্বা দড়ির মত পাকিয়ে নিন। এর থেকে হাতেই কেটে নিতে হবে সেমাই পিঠা, কোন ছুরি বা চামচ দরকার নেই। ভিডিওতে দেখে নিতে পারেন হাতে সেমাই পিঠা কাটার দুইটি আলাদা উপায়। 

৩) সেমাই পিঠাগুলোকে একটু চালের গুঁড়োয় মাখিয়ে সাধারণ ফ্রিজে ৪-৫ দিন এবং ডিপ ফ্রিজে ২-৩ মাস পর্যন্ত রাখতে পারেন এয়ারটাইট কৌটায়। 

৪) এই পিঠা থেকে পায়েস তৈরির জন্য দুধ ফুটিয়ে নিন একটি পাত্রে। কম আঁচে রেখে বারবার নাড়ুন। ১০ মিনিটে দুধ ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে দিন এবং দুধ ঠাণ্ডা হতে দিন। 

৫) একটি পাত্রে এক তৃতীয়াংশ চিনি এবং দুই তৃতীয়াংশ গুড় মিশিয়ে নিন আপনার ইচ্ছেমত স্বাদের জন্য। অথবা ইচ্ছে করলে পুরোটাই চিনি বা গুড় ব্যবহার করতে পারেন। এই মিশ্রণে অল্প করে পানি মিশিয়ে নিন এবং চুলায় বা ওভেনে গলিয়ে নিন। এরপর তা ঠাণ্ডা করে নিন। 

৬) ঠাণ্ডা করা দুধের সাথে এই ঠাণ্ডা গুড় দিয়ে মিশিয়ে নিন। গরম দুধে গুড় দিলে কেটে যেতে পারে তাই একেবারে ঠাণ্ডা করে মেশাবেন। এরপর এতে এলাচ, দারুচিনি ও একটু লবণ দিয়ে ফুটিয়ে নিন। দুধ ফুটে এলে এতে সেমাই পিঠা দিয়ে দিন। মাঝারি আঁচে ১৫ মিনিট রান্না হতে দিন। এ সময়ের মাঝেই দেখবেন পিঠা সেদ্ধ হয়ে যাবে, দুধটাও বেশ ঘন হয়ে আসবে। এ পর্যায়ে চুলা বন্ধ করে দিন, কারণ ঠাণ্ডা হলে আরো ঘন হয়ে আসবে তা। 

এবার গরম সেমাই পিঠা পরিবেশন পাত্রে ঢেলে নিন। ঠাণ্ডা হলে সেট হয়ে আসবে। ঠাণ্ডা বা গরম দুই উপায়েই পরিবেশন করতে পারেন সেমাই পিঠা। 

দেখে নিতে পারেন রেসিপির ভিডিওটি-