পেসার তাসকিন আহমেদ ও সৈয়দ রাবেয়া নাঈমার বিয়ের কিছু মুহূর্ত। ছবি: সংগৃহীত
তাসকিনের বিয়েতে ছিলেন তারাও
আপডেট: ০১ নভেম্বর ২০১৭, ১০:১১
(প্রিয়.কম) দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেই সমর্থকদের অবাক করে দিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন বাংলাদেশের স্পিড তারকা তাসকিন আহমেদ। দীর্ঘদিনের জানাশুনার পর সৈয়দ রাবেয়া নাঈমার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ২২ বছর বয়সী এই তরুণ পেসার।
অনেকটা ঘরোয়া ভাবেই মঙ্গলবার মোহাম্মদপুরের লালমাটিয়ায় অবস্থিত একটি কনভেনশন সেন্টারে তাসকিন ও রাবেয়ার পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাসকিন দম্পতির বিয়ে। বিয়েতে জাতীয় ক্রিকেট দলের সদস্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তার পরিবার এবং ওপেনার তামিম ইকবাল।

বিয়েতে উপস্থিত ছিলেন মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ব্যর্থ সিরিজ শেষ করে মঙ্গলবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে ইনজুরি নিয়ে তামিম ও ওয়ানডে সিরিজ শেষে মাশরাফি আগেই দেশে ফিরেছেন। ওয়ানডে অধিনায়ক এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে তার দল রংপুর রাইডার্সের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন। তবে ইনজুরির কারণে অনুশীলন করছেন না তামিম।
পারিবারিক সূত্রে জানা গেছে তাসকিন-রাবেয়ার দীর্ঘদিনের সম্পর্কের পর পারিবারিকভাবেই গেল বছর ঘরোয়াভাবে তাসকিন-রাবেয়ার আংটি বদল। সেসময়ই বিয়ের তারিখও ধার্য করা হয়। ফলে সিরিজ থেকে ফিরলেও তারিখ পরিবর্তন সম্ভব হয়নি।

বিয়েতে উপস্থিত ছিলেন মাশরাফি বিন মুর্তজা ও তার পরিবার। ছবি: সংগৃহীত
তরুণ এই ডানহাতি পেসার সাদা পোশাকে পাঁচটি টেস্ট, ৩২টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সর্বমোট ৬২টি উইকেট শিকার করেছেন। এর মধ্যে সর্বোচ্চ ৪৭টি উইকেট এসেছে ওয়ানডেতে আর টেস্ট ও টি-টোয়েন্টিতে পেয়েছেন যথাক্রমে ৭ ও ১০ উইকেট।
প্রিয় স্পোর্টস/আশরাফ