রিমু রোজা খন্দকার। ছবি: প্রিয়.কম।
রিমুর বর্তমান ব্যস্ততা
আপডেট: ০৪ আগস্ট ২০১৭, ১৪:৩৫
(প্রিয়.কম) প্রয়াত বরেণ্য চিত্রনায়িকা টিনা খানের মেয়ে রিমু রোজা খন্দকার। তবে মায়ের পরিচয়ে নয়, নিজের পরিচয়েই পরিচিত হয়েছেন এই অভিনেত্রী। মিডিয়ার সবাই তাকে রিমু নামেই চেনে। বিজ্ঞাপন, চলচ্চিত্র, শর্টফিল্ম এবং নাটক সব মাধ্যমেই সরব আছেন তিনি। বর্তমানে ব্যস্ত আছেন বেশ কিছু একক নাটক ও ধারাবাহিকের কাজ নিয়ে।
রিমু প্রিয়.কমকে জানান, বর্তমানে তিনি কাজ করছেন চয়নিকা চৌধুরীর ‘কে তুমি অপরুপা’, সাগর জাহানের ‘মাহিনের প্রিয় ঘড়িটি’, ‘ল্যাম্পপোস্ট’, ‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প’, ‘মাখন উদার বউটা’, ‘নবাবের প্রেম’ নাটকে। এদিকে এস এ টিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ডেইলি সোপ ‘তুমি আছ তাই’ নাটকটি। নাটকটি নির্মাণ করেছেন আহসানুল হাসান। এছাড়াও কাজ করেছেন তাজুল ইসলাম শাহিনের ‘অনুতাপ’, ইরানি বিশ্বাসের শর্টফিল্ম ‘অমানিশাকাল’, আবুল হায়াতের রচনা ও পরিচালনায় ‘তিন পাগলের মেলা’ নাটকে। ফুয়াদ নাসেরের শর্টফিল্ম ‘নিমন্ত্রণ’-এ অভিনয় করেও তিনি বেশ প্রশংসা পান।

রিমু রোজা খন্দকার। ছবি: সংগৃহীত।
তানিম রহমান অংশুর পরিচালিত ‘আদি’ এবং অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতা বানু’ চলচ্চিত্র দুটিতেও অভিনয় করেছেন তিনি। ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। রিমু প্রিয়.কমকে বলেন, ‘আমি সব ধরনের কাজই করে যাচ্ছি। মানুষ আমার কাজ পছন্দ করছে বলেই আমি নিয়মিত কাজ করতে পারছি। সবার সহযোগিতা আর ভালোবাসা নিয়ে আমি আরো ভালো কাজ করতে চাই।’
বলে রাখা ভালো, মিডিয়াতে রিমুর অভিষেক ঘটে ফেরদৌস হাসান রানার নির্দেশনায় ২০০৮ সালে ‘পৃথিবীর সবরূপ মিশে আছে ঘাসে’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র এ কিউ খোকন পরিচালিত ‘গুরু ভাই’। এরপর তিনি জাকির হোসেন রাজুর ‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’, তানভীর মোকাম্মেলের ‘জীবন ঢুলী’, গোলাম রব্বানী বিপ্লবের ‘বৃত্তের বাইরে’, শাহাদাৎ হোসেন লিটনের ‘লাভ স্টেশন’, মোহাম্মদ হোসেন জেমীর ‘কিং খান’ প্রভৃতি। রিমু অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে আরিফ খান পরিচালিত ধারাবাহিক ‘দলছুট প্রজাপতি’, গোলাম সোহরাব দোদুলের ‘পাল্টা হাওয়া’ এবং তাহের শিপনের ‘ভৈরবী’।
প্রিয় বিনোদন/শামীমা সীমা