ছবি সংগৃহীত

দেড় ঘণ্টায় গাজীপুর থেকে কিশোরগঞ্জ - দৈনিক বাংলাদেশ প্রতিদিন

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১২
আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১২

(প্রিয়.কম) অবশেষে ২৪৫ কোটি টাকা ব্যয়ে গাজীপুরের রাজেন্দ্রপুর-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক মহাসড়কে উন্নীত হচ্ছে। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে গাজীপুর সড়ক বিভাগ। বাস্তবায়ন হলে ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জ জেলার দূরত্ব কমে আসবে অন্তত ৬০ কিলোমিটার। আর এতে এ অঞ্চলের মানুষের সময় ও অর্থ সাশ্রয় হবে। 

২৪ ফেব্রুয়ারি শুক্রবার দৈনিক বাংলাদেশ প্রতিদিনের  'দেড় ঘণ্টায় গাজীপুর থেকে কিশোরগঞ্জ' শিরোনামের প্রতিবেদনে বলা হয়, রাজধানী থেকে সড়কপথে কিশোরগঞ্জের দূরত্ব কমিয়ে আনতে ২০০৫ সালে কাপাসিয়ার শীতলক্ষ্যা নদীর ওপর ফকির মজনু শাহ সেতু তৈরি করা হয়। পরে গাজীপুরের সীমান্ত কাপাসিয়ার টোক এলাকা দিয়ে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণ করা হয়েছে আরেকটি সেতু।

আর দুই সেতুর কারণে ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জের দূরত্ব কমে আসে প্রায় ৬০ কিলোমিটার। কিন্তু ৪১ কিলোমিটার সরু খানাখন্দে ভরা রাস্তার কারণে ওই সুবিধার বারো আনাই অধরা ছিল কিশোরগঞ্জসহ ওই রুটে চলাচলকারী লাখো মানুষের। 

এ সড়কে চলাচলকারী জলসিঁড়ি পরিবহনের পরিচালক খন্দকার গোলাম ছামদানী বলেন, এ রুটে ঢাকা থেকে কিশোরগঞ্জসহ পাশের এলাকায় ৯টি পরিবহন সার্ভিসের কয়েক শ যাত্রীবাহী বাসসহ আঞ্চলিক বিভিন্ন পরিবহন প্রতিদিনই চলাচল করে। এ ছাড়া মালবাহী গাড়ি তো আছেই। একে সরু রাস্তা, তার ওপর সড়কের বিভিন্ন স্থানে বসে হাট-বাজার।

আবার একই সড়কে একই সময় অনুমোদিত ফিটনেসবিহীন ভিন্ন গতির যানবাহন চলাচল করায় যেমন দুর্ঘটার ঝুঁকি বাড়ে তেমনি সময়ও লাগে অনেক বেশি। 

সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি বলেন, গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে কাপাসিয়া হয়ে কিশোরগঞ্জ সড়ক দিয়ে এখন শত শত যানবাহন যাতায়াত করছে। বিশেষ করে কিশোরগঞ্জ, সিলেট, নরসিংদীসহ আশপাশের কয়েকটি জেলার সাধারণ মানুষ অল্প সময়ে রাজধানী ঢাকা যেতে এই সড়ক ব্যবহার করছেন।

সড়কটুকু অত্যন্ত সরু হলেও চলাচল করছে বড় বড় যাত্রীবাহী গাড়ি। আর এতে এই সড়কে দুর্ঘটনাও বেড়েছে। রাজেন্দ্রপুর থেকে কাপাসিয়া হয়ে কিশোরগঞ্জ সড়ক মহাসড়কে উন্নীত হলে কিশোরগঞ্জ, ভৈরব, সিলেটসহ বৃহত্তর একটি অঞ্চলের মানুষ অল্প সময়ে রাজধানী ঢাকায় পৌঁছতে পারবেন।

প্রিয় সংবাদ/ইতি/আলম