বামে সাদিয়া ইসলাম মৌ এবং ডানে তার সদ্য মৃত বোন শেগুফতা ইসলাম মিথি। ছবি: সংগৃহীত।

মারা গেলেন মৌ’এর বড় বোন মিথি

শিবলী আহমেদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৭, ১৫:২৫
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৭, ১৫:২৫

(প্রিয়.কম) মারা গেলেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এর বড় বোন শেগুফতা ইসলাম মিথি। গতকাল রাত আটটা নাগাদ ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন মিথি। এ নিয়ে তাদের পরিবারে চলছে শোকের মাতম। জীবদ্দশায় তিনি রিচ ডিস্ট্রিবিউশন নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

তার কাজিন সৈয়দ মাসুম রেজা ফেসবুকে লিখেছেন, আমার ফুপাতো বোন শেগুফতা ইসলাম মিথি আপু আজ রাত ৮ টার দিকে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিথি আপু, তোমার সাথে অনেক কথা ছিল। আদর করে, মিষ্টি করে বকা দিয়ে আর আমাকে তুমি ডাকবে না, এটা ভাবতে পারছি না। এখানে তো ভালো থাকতে পারলে না, না ফেরার দেশে অনেক অনেক ভালো থেক আপু।’

বিনোদন জগতের অনন্য তারকারাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অভিনেতা মীর সাব্বির লিখেছেন, ‘বছরের শেষ সময়ে এসে একের পর এক দুঃসংবাদ শুনে যাচ্ছি। মনটা খারাপ হয়ে যাচ্ছে। শ্রদ্ধেয় বেগম মমতাজ হোসেনের পর,আমাদের খুবই আপন জন সাদিয়া ইসলাম মৌ ভাবির বড় বোন মিথি আপা এবার আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি। মিথি আপা ভালো থাকবেন’।

সদ্যমৃতা শেগুফতা ইসলাম মিথি’র সঙ্গে পরিবারের সদস্য ও তারকারা। ছবি: সংগৃহীত।

 অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ লিখেছেন, মিথি আপু, তুমি নেই সত্যিই ভাবতে পারছি না। আসলেই জীবন ক্ষণস্থায়ী আর ভালো মানুষেরা বোধহয় সবার আগে চলে যায়। এটা তার পরিবারের জন্য অনেক কঠিন সময়। তাদের কষ্ট এ মুহূর্তে অনুধাবন করা সম্ভব নয়। আল্লাহ তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিক, তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং রতার পরিবারকে ধৈর্য দিক এই কঠিন সময় পার করার জন্য। আমীন

প্রিয় বিনোদন/গোরা