ছবি সংগৃহীত

মাত্র তিনটি উপাদানে নিজেই তৈরি করে নিন প্রোটিন পাউডার

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৭, ১৭:২০
আপডেট: ৩০ মার্চ ২০১৭, ১৭:২০

যেকোনো স্মুদি তৈরিতে ব্যবহার করতে পারেন এই প্রোটিন পাউডার। ছবি:সংগৃহীত
 
(প্রিয়.কম) সকালে স্বাস্থ্যকর এবং দ্রুত ব্রেকফাস্ট হিসেবে ফল ও সবজির স্মুদি পছন্দ করেন অনেকে। কিন্তু এতে আবার প্রোটিনের চাহিদা পূরণ হয় না বলে অনেকে এক চামচ প্রোটিন পাউডার মিশিয়ে নেন তাতে। প্রোটিন পাউডার যে ধরণের বা যে ব্র্যান্ডেরই হোক না কেন, তার দামটা হয় বেশ চড়া। আর এতে আসলে কী উপাদান থাকে তা নিয়েও সন্দিহান অনেকে। এত চিন্তাভাবনায় না গিয়ে আপনি নিজেই ঘরে তৈরি করে ফেলতে পারেন প্রোটিন পাউডার।
 
অনলাইনে বিভিন্ন প্রোটিন পাউডারের রেসিপি পাওয়া যায়, কিন্তু সবগুলো ঘরে তৈরি করা সম্ভব নয়। বিশেষ করে অমুক শস্যের গুঁড়ো, তমুক সুপারফুডের গুঁড়ো, বিভিন্ন অজানা কেমিক্যালের নাম দেখে অনেকেই আর ও পথ মাড়ান না। কিন্তু আজ আমরা যে প্রোটিন পাউডারের রেসিপি জানবো তা কিন্তু খুবই সহজে এবং সহজলভ্য উপাদানে তৈরি করতে পারবেন, দামটাও পড়বে খুব কম। চলুন দেখে নিই ডেইরি বেসড প্রোটিন পাউডার তৈরির উপায়টি।
 
যা যা দরকার হবে
১) ৩ কাপ বা ২৪০ গ্রাম গুঁড়ো দুধ
নন ফ্যাট গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। এক কাপের তিন ভাগের এক ভাগ গুঁড়ো দুধে থাকে ৮০ ক্যালোরি, ৮ গ্রাম প্রোটিন যার মাঝে থাকে হোয়ে প্রোটিন, এবং ৮টি জরুরী পুষ্টি উপাদান।
২) ১ কাপ বা ৮০ গ্রাম শুকনো ওটস
ওটসের কারণে স্মুদি বেশ ঘন হয়। ওটস হলো স্বাস্থ্যকর হোল গ্রেইন যাতে অনেকটা ফাইবার থাকে। এছাড়া এটা আপনার পেট বেশ সময় ভরা রাখতে সাহায্য করে।
৩) এক কাপ (১৪২ গ্রাম) কাঠবাদাম
এতে থাকে অনেকটা ফাইবার এবং হৃৎপিণ্ডের জন্য উপকারি ফ্যাট।
৪) ইচ্ছে হলে যোগ করতে পারেন আপনার পছন্দের সুইটনার
 
যা করতে হবে
১) ১ কাপ দুধ, ১ কাপ ওটস এবং এক কাপ কাঠবাদাম নিন ব্লেন্ডারে। মিহি না হওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিন।
২) বাকি গুঁড়ো দুধটুকু দিয়ে আবারও ব্লেন্ড করে নিন।
৩) একটি এয়ারটাইট কন্টেইনারে নিয়ে রাখুন। ২ সপ্তাহের মাঝে ব্যবহার করে ফেলতে চাইলে রুম টেম্পারেচারে রাখতে পারেন। নয়তো ফ্রিজে রেখে দিন।
৪) ব্যবহার করার জন্য আধা কাপ পাউডার আধা কাপ পানিতে নিয়ে ব্লেন্ড করে নিন। সম্ভব হলে এটা ৫-১০ মিনিট রেখে দিন যাতে ওটস পানি টেনে নিয়ে ঘন হতে পারে। এরপর এতে ফল, ফ্লেভারিং, দই বা দুধ দিতে পারেন আপনার স্বাদমতো। ভ্যানিলা বা আমন্ড এক্সট্রাক্ট এর সাথে দারুণ লাগবে।
 
সূত্র: টিস্পুন অফ স্পাইস
সম্পাদনা : রুমানা বৈশাখী