ছবি ও রেসিপি কৃতজ্ঞতা: মুক্তি আফরোজ

সবার প্রিয় সাব স্যান্ডউইচ তৈরি হবে আপনারই হেঁশেলে

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৭, ০৯:১২
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭, ০৯:১২

(প্রিয়.কম) ইদানিং ফাস্ট-ফুড হিসেবে বেশ প্রচলিত যে খাবারটি, তা হলো সাব-স্যান্ডউইচ। খাবারটি এমন যে বার বারই খাওয়া যায়। কিন্তু তা তৈরি করতে দরকার হয় বিশেষ একটি স্যান্ডউইচ মেকার। তাই অনেকেই ইচ্ছে থাকলেও বাড়িতে তৈরি করতে পারেন না। কিন্তু আজকের রেসিপিতে জেনে নিতে পারেন স্যান্ডউইচ মেকার ছাড়াও সহজে কী করে তৈরি করা যাবে সাব-স্যান্ডউইচ।

উপকরণ

দেড় কাপ মুরগীর মাংস

দেড় টেবিল চামচ আদা-রসুন বাটা

১ টেবিল চামচ সয়া সস

১ চা চামচ মরিচ গুঁড়ো

১ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো

১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার

লবণ

২ টেবিল চামচ তেল

মাখন 

বাঁধাকপি কুচি

গাজর কুচি

ক্যাপসিকাম লম্বাটে করে কাটা 

মেয়নেজ এবং টমেটো সস

সাব স্যান্ডউইচ তৈরির লম্বাটে ব্রেড

প্রণালী

১) প্রথমেই মুরগীটাকে ম্যারিনেট করে নিন। ছোট ছোট করে মুরগীর মাংস কেটে নিয়ে এতে আদা-রসুন বাটা, সয়া সস, মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কর্ন ফ্লাওয়ার এবং স্বাদমতো লবণ দিন এবং ভালো করে মাখিয়ে নিন। ম্যারিনেট হবার জন্য রেখে দিন আধা ঘন্টা। 

২) আধা ঘন্টা পর একটি পাত্রে ২ টেবিল চামচ তেল গরম করে নিন এবং এতে মুরগীটা দিয়ে মাঝারি আঁচে ভেজে নিন। মুরগীর মাংস পুরোপুরি রান্না হয়ে এলে নামিয়ে নিন এবং আরেকটু ছোট করে কুচি করে নিন। 

৩) সাব স্যান্ডউইচের ব্রেড মাঝ বরাবর কেটে নিন। এতে এক লেয়ার মেয়নেজ এবং কেচাপ দিয়ে নিন। এর ওপরে দিন কিছুটা বাঁধাকপি কুচি, গাজর কুচি এবং ক্যাপসিকাম। এর ওপরে মুরগীর মাংস দিয়ে দিন। সবশেষে আরেক লেয়ার মেয়নেজ এবং কেচাপ দিয়ে রুটির বাকি অর্ধেকটা এর ওপরে দিয়ে দিন। 

৪) একটি গ্রিল প্যানে বাটার ব্রাশ করে নিন। গ্রিল প্যান না থাকলে সাধারণ প্যান ব্যবহার করতে পারেন, দেখতে ঠিক সাব স্যান্ডউইচের মত না হলেও স্বাদ একই হবে। গরম প্যানে সাব স্যান্ডউইচটি বসিয়ে দিন। এরপর দুইটি ফ্ল্যাট চামচ দিয়ে ওপরে চাপ দিন। প্রথমে চাপ কম থাকবে, পরে ধীরে ধীরে চাপ বাড়ান এবং ২-৩ মিনিট এভাবে চেপে রাখুন। এরপর এটাকে উলটে অপর দিকটাও ভাজা করে নিন। 

এবার নামিয়ে কেটে নিন। দেখুন, বাইরের দিকটা দারুণ ক্রিস্পি এবং ভেতরটা মেয়নিজ ও সসের মিশ্রণে মাখা মাখা লোভনীয় লাগছে! পরিবেশন করুন গরম গরম। 

দেখতে পারেন রেসিপির ভিডিওটি-