ছবি: সুমনা সুমি

প্রেসার কুকারেই তৈরি করুন গরু বা খাসির নেহারি!

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ২২ আগস্ট ২০১৮, ২২:৪৭
আপডেট: ২২ আগস্ট ২০১৮, ২২:৪৭

(প্রিয়.কম) নেহারি সাধারণত কিনে খাওয়া হলেও ঘরে এই খাবারটি তৈরি কিন্তু ভীষণ সহজ। গরু বা খাসির পায়া দিয়ে খুব সহজেই সুস্বাদু নেহারি তৈরি করে নেয়া যায়। ভাবছেন খুব ঝামেলা? একদম নয়! প্রেসার কুকার সময় ও ঝামেলা দুটোই কমিয়ে দেবে। প্রেসার কুকার ছাড়াও রান্না করতে পারবেন। একদম সামান্য কষ্টে দারুণ মজার নেহারি তৈরির রেসিপিটি থাকছে আজ পাঠকের জন্য। সময়ও খুব বেশী প্রয়োজন হবে না। আপনার চেনা-জানা নেহারির রেসিপি হতে অনেকটাই ভিন্ন এই রেসিপি।

আর রেসিপিটি জানাচ্ছেন সুমনা সুমি।

পায়া সেদ্ধ করার উপকরণ

  • গরুর পায়া ৪ টি বা খাসির পায়া ১০ টি (গরম পানিতে ধুয়ে টুকরো করে নিন)
  • তেল ২ টেবিল চামচ
  • আদা-রসুন বাটা ১ টেবিল চামচ করে
  • আস্ত গরম মশলা (এলাচ ৪ টি, দারুচিনি ২টি, লং ৩টি, তেজপাতা ১টি, কালো গোলমরিচ ১০ টি
  • পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
  • নেহারি মশলা ১ চা চামচ (কেনা বা ঘরে তৈরি)

প্রণালি

  • উপরের সব উপকরণ এক সাথে মিশিয়ে প্রেসার কুকারে দিন। পানি শুকিয়ে গেলে ২ মিনিট উচ্চ তাপে ভাজুন।
  • এখন ৩ লিটার পানি দিয়ে ফুটিয়ে নিন।
  • পানি ফুটলে কূকারের ঢাকনা আটকে দিয়ে অল্প আঁচে ২ ঘন্টা রান্না করুন।পায়ার হাড্ডি সেদ্ধ হয়ে নরম হলে কুকার নামিয়ে রাখুন।

পায়া বা নেহারি তৈরির উপকরণ

  • টকদই ১/৪ কাপ
  • পাকা টমেটো কুচি ১কাপ
  • আদা-রসুন বাটা ১চা চামচ করে
  • পেঁয়াজ বেরেস্তা ১কাপ
  • ঘি ২ টেবিল চামচ
  • লাল মরিচের গুঁড়ো ২চা চামচ
  • হলুদের গুঁড়ো ১চা চামচ
  • নেহারি মশলা ২চা চামচ
  • টালা জিরা গুঁড়ো ১ চা চামচ
  • ধনে গুঁড়ো ১চা চামচ
  • গরম মশলা গুঁড়ো ১চা চামচ
  • ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
  • আদা কুচি ১ টেবিল চামচ

প্রণালি

  • ১/২কাপ কর্নফ্লাওয়ার বা ময়দা বা আটা ও ১/২ কাপ পানি ভাল করে মিশিয়ে নিন।
  • ধনেপাতা ও আদাকুচি বাদে উপরের বাকি সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ১মিনিট ব্লেন্ড করে নিন।
  • কড়াইতে ঘি দিয়ে মশলা পেস্ট দিন।২ মিনিট কষিয়ে তেলের উপর উঠলে কুকার থেকে পায়া গ্রেভি ও ঝোলসহ মশলাতে দিন।
  • আটার পানি দিয়ে ভাল করে মিশিয়ে ঢেকে ৩০ মিনিট অল্প আঁচে রান্না করুন।চুলা বন্ধ করে দিন।
  • ধনেপাতা ও আদাকুচি ছিটিয়ে পরোটা বা নানের সাথে গরম পরিবেশন করুন।

প্রিয় লাইফ/ আর বি