ছবি সংগৃহীত
হাল ফ্যাশনে প্রয়োজনের টাই
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৪, ০৯:৫৩
আপডেট: ১৯ এপ্রিল ২০১৪, ০৯:৫৩
আপডেট: ১৯ এপ্রিল ২০১৪, ০৯:৫৩
(প্রিয়.কম) আধুনিক পৃথিবীর পোশাক-আশাকে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো টাই। তবে আধুনিক ফ্যাশনে এর যেমন কদর, তেমনই ছিল অতীতেও। এত বছরের পথ পরিক্রমায় এতটুকু কমেনি টাইয়ের আবেদন। আজকাল মূলত কর্পোরেট পোশাক-আশাক কিংবা খুব ফর্মাল সাজ পোশাকেই টাইয়ের কদর দেখা যায়, এর বাইরে আধুনিক পুরুষেরা তেমন একটা ব্যবহার করেন না। তবে যেহেতু অফিসে বা ফর্মাল সাজসজ্জায় প্রয়োজন, তাই এর সম্পর্কে বিস্তারিত জেনে রাখা চাই। আসুন, জানা যাক টাইয়ের সাতকাহন।
টাই-এর জন্ম ইতিহাস
আজ থেকে বহু বছর আগের কথা। পাশ্চাত্যের দেশগুলোতে প্রচণ্ড শীত থেকে গলার অংশকে রক্ষা করতে নারী-পুরুষ উভয়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করল এক টুকরো কাপড়। ধীরে ধীরে সেই কাপড়ের টুকরোটি বিশেষ এক কায়দায় হয়ে উঠল স্কার্ফ। উনিশ শতকের শুরুর দিকে জেসে ল্যাংসডর্ফ নামে আমেরিকান এক ভদ্রলোক স্কার্ফটাকে ডান দিকে ত্রিকোণ করে কেটে দুই পাশে সমানভাবে ঝুলিয়ে করে দিলেন টাই। তবে আমেরিকার সেই ভদ্রলোক আজকের টাই দেখলে অবাক না হয়ে পারতেনই না। তবে ফ্যাশনের বিবর্তনে টাই আজ হয়ে উঠেছে ছেলেদের অন্যতম ফ্যাশন অনুষঙ্গ।
হরেক রকম টাই
ফরমাল, ক্যাজুয়াল ও হাল ফ্যাশন- মূলত তিন ধরনের টাই পাওয়া যাচ্ছে। সাধারণত ফরমাল টাইগুলো প্রস্থে দুই থেকে আড়াই ইঞ্চি, ক্যাজুয়ালগুলো দেড় থেকে দুই ইঞ্চি এবং ফ্যাশনেবল টাইগুলো এক থেকে দেড় ইঞ্চি হয়। আজকাল একদম সরু আধা ইঞ্চি চওড়া টাইও কম বয়সীদের মাঝে বেশ চলছে। টাই পরার ঢঙেও আছে রকম ফের, আছে নট বাঁধার স্টাইলেও। এক্ষেত্রে আসলে তেমন নির্দিষ্ট কোনো ফ্যাশন নেই। আপনাকে যেমন মানায়, বেছে নিন তেমনটাই।শরীরের গড়ন বুঝে টাই
যারা পোশাকের সঙ্গে হাল ফ্যাশনের টাই কিনেছেন অথবা কিনবেন বলে ভাবছেন, তাদের ক্ষেত্রে টাইয়ের সঙ্গে ব্লেজারটা মানাচ্ছে কি না, সেই দিকটায় একটু বেশি গুরুত্ব দেয়া উচিত। মনের মত ব্লেজার বেছে নেয়ার পর আসে টাই বেছে নেয়ার পালা। আপনি যদি একটু রোগা গড়নের হয়ে থাকেন, তাহলে বেছে নিন চওড়া টাই। আর বেশ একটুখানি ভুঁড়ি থাকলে মাঝারি মাপে থাকুন। খুব বেশি মোটা বা চিকন পরতে যাবেন না। আর লম্বারা অবশ্য যে কোন ধরনটাই পরতে পারেন, তবে খুব চিকন না পরাই ভালো। মাঝারি উচ্চতার ছেলেরা বেছে নিন চিকন টাই, আপনার উচ্চতা বেশি দেখাবে।
বাহারী রঙের বাহার
টাই নির্বাচনে রংটাও কম গুরুত্বপূর্ণ নয়। কারণ টাইয়ের রং হয়ে উঠতে পারে আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। আজকাল চেক কিংবা অন্য ডিজাইনের টাই পরার ফ্যাশন একদম নেই। বরং ফিরে এসেছে এক রঙটাই। হালকা সুতার কাজ করা টাই কিঞ্চিত জনপ্রিয়তা পেয়েছে, তবে খুব একটা নয়। তরুণ বয়সীদের গাঢ় রং, মাঝারি বয়সীদের হালকা রং ও বয়স্কদের উজ্জ্বল রঙেও ভালো মানায়। স্যুট-ব্লেজারের সঙ্গে টাই যোগ করে ভিন্ন মাত্রা। তবে স্যুট-ব্লেজারের মতো টাইও হওয়া চাই একদম মনমতো ও মাপমতো। ব্লেজার ও শার্টের রঙের সাথে মিলিয়ে নির্বাচন করুন কনট্রাস্ট রঙের টাই। আজকাল অবশ্য একদম শকিং রঙের টাই পরার ফ্যাশনও দারুণ চলছে। যেমন নীল ব্লেজারের সাথে গোলাপি টাই আছে অনেক ফ্যাশন সচেতন পুরুষের পছন্দের শীর্ষে। সিল্কের টাই এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয়। বাজার ঘুরে দেখা গেছে, প্রকৃতির রঙের একরঙা টাইগুলো এখন চলছে বেশি। যেমন, কচি কলাপাতা, কালোজাম,পেঁয়াজ ও আপেল রঙের একরঙা টাই। সিল্কের দ্যুতি ছড়ানো সাদা, কালো, সোনালি তো সব সময়ের জন্যেই সবার সমান প্রিয়। তার সঙ্গে বিভিন্ন ফুলেল মোটিফ, জ্যামিতিক নকশা করা, ডোরার লাল, বেগুনি, নীল, কালো, গোলাপি, কমলা, আকাশি রঙের মিশেলে টাইয়ের চাহিদা কম নয়।
৩ ঘণ্টা, ৪৮ মিনিট আগে
৩ ঘণ্টা, ৫০ মিনিট আগে
৩ ঘণ্টা, ৫২ মিনিট আগে
৩ ঘণ্টা, ৫৩ মিনিট আগে
৩ ঘণ্টা, ৫৪ মিনিট আগে
৩ ঘণ্টা, ৫৪ মিনিট আগে
১২ ঘণ্টা, ২৬ মিনিট আগে
১২ ঘণ্টা, ২৭ মিনিট আগে