ছবি সংগৃহীত

ভালো পাত্র পেলে বিয়ে করে ফেলব : ঈশিকা

Asif Rahman Khan
লেখক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০১৬, ১১:২৭
আপডেট: ০৪ জানুয়ারি ২০১৬, ১১:২৭

ছবি: শামছুল হক রিপন

(প্রিয়.কম) মডেল ও অভিনেত্রী ঈশিকার মিডিয়ায় আসার গল্পটা বেশ মজার। ফেসবুক থেকে বিনোদন জগতে এসেছেন তিনি! হ্যাঁ, বন্ধুর তুলে দেয়া ছবি ফেসবুকে পোস্ট দিতে দিতে একসময় প্রস্তাব আসে নাটকে অভিনয়ের। প্রথমে ইচ্ছে না থাকলেও পরে ঠিকই পা রাখেন মিডিয়ায়। এরপর হটাৎ করেই ৬ মাসে ১৫টি বিজ্ঞাপনের কাজ করা হয়ে যায় তাঁর। পাশাপাশি অভিনয় ও উপস্থাপনাও। এটা ছিল ২০১২ সালের কথা। যদিও মাঝে কিছুদিন বিরতি নিয়েছিলেন।এখন নিয়মিত কাজ করছেন। সম্প্রতি তিনি নিজের সাম্প্রতিক ব্যস্ততা ও ব্যক্তিজীবনের খুঁটিনাটি নিয়ে কথা বললেন প্রিয়.কম-এর নিয়মিত আয়োজন প্রিয় কথা’য়।

প্রিয়.কম: বর্তমানে কি নিয়ে ব্যস্ত?
ঈশিকা : ৪টা সিরিয়ালের কাজ করছি। পাশাপাশি কিছু ফটোশুটের কাজ চলছে এবং আরও কিছু সিরিয়ালের কথা চলছে।

প্রিয়.কম : মডেলিং এবং অভিনয় দুটোই করছেন, কোনটায় নিয়মিত হবেন?
ঈশিকা : দুটোই করব। কারণ আমার কাজকে আমি খুব ভালোবাসি। কাজের প্রতি আমি সবসময় সিরিয়াস। আমি বেশি কাজে বিশ্বাসী না। তবে অবশ্যই ভাল কাজ করতে চাই। সেটা মডেলিং হোক অথবা অভিনয়।

প্রিয়.কম : টার্নিং পয়েন্ট...
ঈশিকা : আমি একসঙ্গে তিনটা সিরিয়ালের (একদিন ছুটি হবে, নাইন এন্ড অ্যা হাফ, দোস্ত-দুশমন) কাজ করি যা একসঙ্গে বিভিন্ন চ্যানেলে প্রচার হয়। তখন আসলে বেশি সাড়া পেয়েছি। তবে এর আগে রবির একটা বিজ্ঞাপন করেছিলাম কিন্তু আমাকে তখন কেউ চিনে নি। তবে খুব ভালো সাড়া পেয়েছিলাম।

প্রিয়.কম : বড়পর্দায় কাজ করার ইচ্ছা আছে?
ঈশিকা : সত্যি বলতে চলচ্চিত্রের কাজকে আমি খুব ভয় পাই। আর আমার আপাতত কোনচিন্তা-ভাবনা নেই বড়পর্দা নিয়ে। এখন ছোটপর্দায়ই নিয়মিত কাজ করতে চাই।

প্রিয়.কম: নতুন অনেকেই মিডিয়াতে আসছে, আবার চলেও যাচ্ছে।এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন?
ঈশিকা : আসলে আমরা যদি আমাদের কাজটাকে ভালোবাসি, সিরিয়াসভাবে নেই তাহলে আমার মনে হয় মিডিয়াতে টিকে থাকা সম্ভব। নতুন যারা আসছে তাদের মধ্যে ডেডিকেশন ব্যাপারটা নেই। অল্পতেই নাম চায়, টাকা-পয়সা করতে চায়। অল্পতে কিছু পাওয়া বেশি দিন থাকে না।

প্রিয়.কম: অভিনয়ে কাদের আইডল মানেন?
ঈশিকা: আমার জয়া আহসানের অভিনয় খুবই ভাল লাগে। তাছাড়া তিশা, সুবর্ণা মোস্তফা, অপর্ণা এদের কাজও আমার কাছে ভাল লাগে।

প্রিয়.কম : পরিবারের সহযোগিতা কি পাচ্ছেন?
ঈশিকা: প্রথমে একটু সমস্যা হত। কিন্তু এখন যখন আমার কাজ দেখে, তারা আমাকে উৎসাহ দেয়।

প্রিয়.কম: প্রেম-বিয়ে...
ঈশিকা: বিয়ের কথা বললে, ভালো পাত্র পেলেই বিয়ে করে ফেলব। আজ কিংবা কাল যদি আমি বিয়ের জন্য যোগ্য পাত্র পাই তবে ঠিক তার একমাস পরেই বিয়ে করে ফেলবো। যেহেতু আমার কোনো বয়ফ্রেন্ড নেই সুতরাং বিয়ের পর স্বামীর সাথে চুটিয়ে প্রেম করবো।  

প্রিয়.কম: নিজের ভাল-খারাপ দিক?
ঈশিকা: ভাল দিক বললে প্রথমেই আমি বলবো আমি খুব ইমোশনাল এবং আমি একজন ভাল চরিত্রের মেয়ে। আর খারাপ দিক হচ্ছে আমি খুব জেদি এবং খুব বেশি কথা বলি।

প্রিয়.কম: অভিনয়ে আসার আগে কি হতে চাইতেন?
ঈশিকা: অভিনয়ে আসার আগে ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল। আর বাবার ইচ্ছে ছিল ছেলে সন্তান হলে ক্রিকেটার বানাবে। কিন্তু মেয়ে হওয়াতে ব্যারিস্টার বানাতে চেয়েছিলেন। পরে অবশ্য ব্যবসায়ী হওয়ার ইচ্ছা হয়েছিল। যেটা এখনও হতে পারি।

প্রিয়.কম: পড়াশোনা...
ঈশিকা: নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছি। এমবিএ করার জন্য দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কি হয়।

প্রিয়.কম: ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান?
ঈশিকা: প্রথমে তো আমি একজন ভাল মানুষ হতে চাই। এরপর একজন ভাল অভিনেত্রী হওয়ার ইচ্ছা। মানুষ যেন বলে আমি ঈশিকার মতো হতে চাই। আর ভালো বউ হতে চাই।