ছবি সংগৃহীত

দশম জাতীয় নির্বাচনে ভোট পড়েছে শতকরা ৪০.৫৬ শতাংশ

priyo.com
লেখক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০১৪, ১১:৩৫
আপডেট: ০৭ জানুয়ারি ২০১৪, ১১:৩৫

দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপিকে ছাড়াই রোববার ভোটগ্রণ হয়েছে। এর দুই দিন পর আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় ভোটের হারসহ নির্বাচনের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেছে। কমিশনের তথ্যানুযায়ী, সারা দেশের ১৩৯টি আসনে গড়ে ৪০ দশমিক ৫৬ শতাংশ ভোট পড়েছে। ১৪৭ টি আসনের চার কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৭৫৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন এক কোটি ৭০ লাখ ২৮ হাজার ৫০৭ জন। এসব আসনে মোট ভোটার চার কোটি ১৫ লাখ ২১ হাজার ৩৭১। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন এক কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ৯৪৪ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আটটি স্থগিত আসন বাদে ২৯২টি আসনের মধ্যে তারা পেয়েছে ২৩২টি আসন। এ ছাড়া জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ছয়, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) পাঁচ ও জাতীয় পার্টি (জেপি), তরীকত ফেডারেশন ও বিএনএফ একটি করে আসন পেয়েছে। আর ১৩টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নবম সংসদে আওয়ামী লীগ পেয়েছিল ২৩০টি আসন। জাতীয় পার্টি ২৭, জাসদ তিন, ওয়ার্কার্স পার্টি দুই ও স্বতন্ত্র প্রার্থীরা চারটি আসন পেয়েছিলেন। উল্লেখ্য, বিরোধী দলবিহীন এই নির্বাচনে ৩০০ টি আসনের মধ্যে ১৫৩ টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১৪৭ টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।