ছবি সংগৃহীত

একজন বিধর্মী মেহমানের সাথে কেমন আচরণ করেছিলেন রাসুল [সা.]

মিরাজ রহমান
সাংবাদিক ও লেখক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৫, ০৩:২৬
আপডেট: ১৭ জানুয়ারি ২০১৫, ০৩:২৬

যেসব ভালো গুণের সম্মিলন একজন মানুষকে সামাজিকভাবে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে, অতিথিপরায়ণতা এর অন্যতম। অতিথিপরায়ণতা ইসলামের অন্যতম একটি বিধানও বটে। এই গুণটির কারণে ইসলামের নবি হজরত মুহাম্মদ [সা.] তার জীবদ্দশায় তৎকালীন কাফির-মুশরিকদের কাছেও সমাদৃত ছিলেন। একবার এক বিধর্মী রাসুল [সা.]-এর মেহমান হলেন। উত্তম চরিত্রের অধিকারী রাসুল [সা.] থেকে তিনি পেলেন উত্তম মেহমানদারি। রাতে তার জন্য খাবারের ব্যবস্থা করা হলো রাসুল [সা.]-এর ঘরে। বিধর্মী সেই মেহমান সে রাতে এত পরিমাণ খেল যে, রাসুল [সা.] এবং তার পরিবারের জন্য সামান্যতম খাবারও বাকি রইল না। কিন্তু কিছুই বললেন না নবিজি। খাবার শেষে ভালোভাবে মেহমানের রাত যাপনের ব্যবস্থা করা হলো। ঘুমিয়ে গেলেন মেহমান। কিন্তু মধ্যরাতে তার আরামের ঘুম নষ্ট করে দিল বদহজম। যার ফলে পূর্ণ বিছানা নষ্ট করে ফেলল এবং ভোরে উঠে কাউকে না জানিয়েই চলে গেলেন। দয়ার সাগর রাসুল [সা.] এসে পরিস্থিতি দেখে খুব কষ্ট পেলেন। ভাবলেন আহ! রাতে মেহমানের কতই না কষ্ট হয়েছে। পরে মেহমানের নষ্ট করা বিছানাপত্র নিজ হাতে পরিষ্কার করছিলেন নবিজি। এমন সময় সেই মেহমান তার ফেলে যাওয়া তরবারিটি নিতে এসে দেখল মায়ার নবি তার ময়লা করা বিছানাপত্রগুলো ধুচ্ছেন। হঠাৎ তাকে দেখে রাসুল [সা.] বলে উঠলেন, এসো হে! রাতে তোমার অনেক কষ্ট হয়েছে। এরপর রাসুল [সা.] তার সঙ্গে হাসিমুখে কুশলাদি বিনিময় করে তার ফেলে যাওয়া তরবারিটি তুলে দিলেন। রাসুল [সা.]-এর এমন অতিথিপরায়ণতা তাকে ভীষণভাবে ভাবিয়ে তুলল। রাসুল [সা.]-এর এমন আচরণে মুগ্ধ হয়ে একপর্যায়ে ইসলাম গ্রহণ করলেন সেই বিধর্মী। অতিথিপরায়ণতা, অতিথিকে সম্মান করা একজন মুসলমানের ইমানি কর্তব্য। কেননা রাসুল [সা.] হাদিসের মধ্যে মেহমানের সম্মানের বিষয়টিকে আল্লাহ মহান এবং পরকালের ওপর ইমান রাখার সঙ্গে সম্পৃক্ত করে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। [বোখারি ও মুসলিম]। এছাড়া রাসুল [সা.] আরো বলেছেন, মেহমানকে সম্মান প্রদর্শন করে তাকে জাইযা দাও। সাহাবিরা জিজ্ঞাসা করলেন! তার জাইযা কী? রাসুল [সা.] বললেন, একদিন ও এক রাতের সম্বল সঙ্গে দিয়ে দেয়া। তিনি আরো বললেন, মেহমানদারির সীমানা হলো তিনদিন। অতিরিক্ত যা হবে তাহলো সদকাস্বরূপ। [তিরমিজি] আল্লাহ আমাদের অতিথিপরায়ণ নবির অতিথিপরায়ণ আদর্শ উম্মত হওয়ার তাওফিক দান করুন। আমিন। মাওলানা মিরাজ রহমান