আইনি লড়াইয়ের ইতি টানলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি
অবশেষে অবসান ঘটল সাবেক তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির দীর্ঘদিনের আইনি লড়াইয়ের। ফ্রান্সে যৌথ মালিকানাধীন আঙুরখেত ও ওয়াইনারি ‘শ্যাঁতো মিরাভাল’ বিক্রিকে কেন্দ্র করে চলা পাল্টাপাল্টি মামলার ইতি টেনেছেন তাঁরা। বুধবার আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে উভয়ই একে অপরের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সমঝোতার শর্তাবলি প্রকাশ করা হয়নি।
এক যৌথ বিবৃতিতে পিট ও জোলির প্রতিনিধিরা জানান, পরিবারের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে তাঁরা আদালতের বাইরে বিষয়টি মীমাংসা করেছেন। এ নিয়ে তাঁরা আর কোনো মন্তব্য করবেন না।
২০০৮ সালে দক্ষিণ ফ্রান্সের ১ হাজার ২০০ একরের এই বিশাল ওয়াইনারি ও এস্টেট কিনেছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ২০১৪ সালে সেখানেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিচ্ছেদের পর জোলি ওয়াইনারিতে থাকা তাঁর অর্ধেক অংশ পিটের কাছেই বিক্রি করতে চেয়েছিলেন। তবে আদালতের নথি অনুযায়ী, বিচ্ছেদের আগের নির্যাতনের অভিযোগগুলো যেন জোলি প্রকাশ্যে না আনেন, সে জন্য পিট একটি গোপনীয়তার চুক্তিতে সই করার শর্ত জুড়ে দিলে আলোচনা ভেস্তে যায়।