ব্যক্তিগত সহকারী হিসেবে এআইয়ের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন
দৈনন্দিন জীবনের কাজ সামলানোর প্রতিশ্রুতি নিয়ে জনপ্রিয় হচ্ছে এআই এজেন্ট। কেনাকাটা, ভ্রমণের পরিকল্পনা, ই-মেইল ব্যবস্থাপনা থেকে শুরু করে নানা কাজ এসব এজেন্টের হাতে তুলে দিচ্ছেন ব্যবহারকারীরা। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, উন্নত এআই মডেলগুলোও মানুষের দৈনন্দিন কাজ নির্ভরযোগ্যভাবে ও নিরাপদে সম্পন্ন করতে হিমশিম খাচ্ছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, দৈনন্দিন কাজের সক্ষমতা যাচাইয়ের নতুন পরীক্ষা ‘শেলবেঞ্চ’-এ ওপেনএআই, অ্যানথ্রপিক ও মেটার উন্নত মডেলগুলোও এক-তৃতীয়াংশের বেশি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া সব মডেলের ক্ষেত্রে ১৫ দশমিক ৭ শতাংশ প্রচেষ্টায় অন্তত একটি নিরাপত্তাসংক্রান্ত শর্ত পূরণ হয়নি। এর ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির ঝুঁকি দেখা গেছে।
ওপেনক্ল ফাউন্ডেশন, পার্সওয়েভ, হাগিং ফেস, রেড হ্যাট ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির গবেষকদের সহযোগিতায় শেলবেঞ্চ তৈরি করা হয়েছে। বাস্তব জীবনে এআই এজেন্টের ১ কোটির বেশি বেনামি কথোপকথন ও কার্যক্রমের তথ্য বিশ্লেষণ করে এই পরীক্ষা করা হয়।