এইচএসসির ফলাফল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি: এই শিক্ষাসংকটের সমাধান কীভাবে

প্রথম আলো এম নিয়াজ আসাদুল্লাহ প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১৬:৪৯

একই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েও শিক্ষার্থীদের ফলাফলে এত বড় ব্যবধান কেন? এবারের এইচএসসির ফল আমাদের এ প্রশ্নের মুখোমুখি করেছে। ঢাকা মহানগরে পাসের হার ৭৯ দশমিক ৩৩ শতাংশ, অথচ একই বোর্ডের মানিকগঞ্জে ৩৮ দশমিক ২৫ শতাংশ—ব্যবধান ৪১ শতাংশের বেশি। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থীর মাত্র ১০ দশমিক ৬ শতাংশ ঢাকা মহানগরের হলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ৩৭ দশমিক ৫ শতাংশ এখানকার। অভিন্ন প্রশ্নপত্র শিক্ষার্থীদের প্রস্তুতির সুযোগকে অভিন্ন করতে পারেনি।


এইচএসসি মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু এর ফলাফলের আরেকটি গুরুত্ব আছে। শিক্ষাব্যবস্থার ভেতরে জমে থাকা বৈষম্য ও শিখন–ঘাটতির সংকেত দেয়। সমস্যা হলো সংকেতটি আসে অনেক দেরিতে। একজন শিক্ষার্থী যখন উচ্চশিক্ষার সুযোগের জন্য প্রতিযোগিতায় নামছে, তখন তার ফলাফলে প্রকাশ পাচ্ছে বহু বছরের অসম প্রস্তুতির প্রভাব।


একাদশ শ্রেণিতে প্রবেশের আগেই শিক্ষার্থীদের পঠনদক্ষতা, গণিতের ভিত্তি এবং শেখার অভ্যাসে বড় পার্থক্য তৈরি হয়। বিদ্যালয়ের পাঠদানের মান, করোনাকালীন ক্ষতি কাটিয়ে ওঠার সুযোগ এবং পরিবারের আর্থিক সামর্থ্য এসব পার্থক্যকে প্রভাবিত করে। সচ্ছল পরিবার গৃহশিক্ষক, শিক্ষা উপকরণ কিংবা ভালো কলেজে পড়ানোর জন্য স্থানান্তরের ব্যয় বহন করতে পারে। অন্যদিকে নামী কলেজগুলোর নির্বাচনী ভর্তি আগে থেকেই ভালো ফল করা শিক্ষার্থীদের একত্র করে। ফলে চূড়ান্ত ফল দিয়ে কলেজের নিজস্ব শিক্ষাদানের অবদানও আলাদা করে বোঝা যায় না।


এর সঙ্গে যুক্ত হয়েছে ফলাফলের বিশ্বাসযোগ্যতা ও তুলনাযোগ্যতার পুরোনো প্রশ্ন। বহু বছর পাসের হার ও জিপিএ-৫ বৃদ্ধিকে শিক্ষার অগ্রগতির প্রমাণ হিসেবে দেখানো হয়েছে। এখন সংখ্যাগুলো কমায় বিপরীত সিদ্ধান্তে পৌঁছানোর তাড়াও দেখা যাচ্ছে। এসএসসির সাম্প্রতিক ফলও একই প্রশ্ন সামনে এনেছিল: আমাদের শিক্ষার্থীরা আসলে কতটা শিখছে, আর আমরা তা কতটা নির্ভরযোগ্যভাবে জানছি?


আগের উদার মূল্যায়নের পরিবর্তে কঠোরভাবে নম্বর দেওয়ার কারণেই যদি বর্তমান ফল বেশি বিশ্বাসযোগ্য হয়ে থাকে, তাহলে অতীতের উচ্চ ফল কী নির্দেশ করেছিল? আবার ফল কমার কতটা প্রকৃত শিখন–ঘাটতি, কতটা পরীক্ষাপদ্ধতির পরিবর্তন—সেটিও জানতে হবে। পাঠ্যসূচি, পরীক্ষার পরিধি ও মূল্যায়নপদ্ধতি বদলালে শুধু ফলের ওঠানামা দিয়ে শেখার পরিবর্তন নির্ণয় করা যায় না। প্রয়োজন এমন মূল্যায়ন, যা শিক্ষার্থীর দক্ষতা এবং সময়ের সঙ্গে তার পরিবর্তন নির্ভরযোগ্যভাবে পরিমাপ করতে পারে।


এই বিশ্বাসযোগ্যতার সংকট নতুন নয়। ২০১৯ সালে প্রথম আলোর একটি অনুসন্ধানে এসএসসি ও এইচএসসির বহু পরীক্ষার্থীর ফল পুনর্নিরীক্ষণে পরিবর্তনের তথ্য উঠে এসেছিল। অথচ পুনর্নিরীক্ষণে সাধারণত নম্বরের যোগফল ও লিপিবদ্ধকরণের ত্রুটি দেখা হয়; উত্তরের যথার্থ মূল্যায়ন হয়েছে কি না, তা নতুন করে যাচাই করা হয় না। সময় ও অর্থের সীমাবদ্ধতায় সবাই আবেদনও করে না। ভর্তি ও উচ্চশিক্ষার সুযোগে প্রভাব ফেলা এসব ত্রুটি তাই নিছক প্রশাসনিক বিষয় নয়।


প্রাথমিক স্তরের মূল্যায়ন নিয়েও নীতিগত অস্থিরতা ছিল। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল ও বহাল রাখার বিতর্কের পর মহামারিতে পরীক্ষাটি বন্ধ হয় এবং পরে নতুন শিক্ষাক্রম থেকে বাদ পড়ে। কিন্তু পরীক্ষা রাখা বা বাদ দেওয়ার বাইরেও মৌলিক প্রশ্নটি রয়ে গেছে—শিশুরা কতটা শিখছে, তা আমরা নিয়মিত ও নির্ভরযোগ্যভাবে জানব কীভাবে?


এর সমাধান আরেকটি উচ্চ ঝুঁকির প্রাথমিক সমাপনী পরীক্ষা ফিরিয়ে আনা নয়। এ ধরনের পরীক্ষা কোচিংনির্ভরতা, পাঠ্যক্রম সংকোচন এবং শিশুদের ওপর চাপ বাড়ায়; ইতিমধ্যে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুরাও এর বাইরে থেকে যায়। বরং একজন শিক্ষার্থীর পরীক্ষা এবং গোটা শিক্ষাব্যবস্থার মূল্যায়নের মধ্যে পার্থক্যটি আমাদের বুঝতে হবে।


এসএসসি ও এইচএসসি সনদ প্রদান এবং পরবর্তী শিক্ষাস্তরে প্রবেশের যোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ। এসব ফল শিক্ষাব্যবস্থার সমস্যার সংকেতও দেয়। কিন্তু সংকেত পাওয়া এবং সমস্যার নির্ভরযোগ্য নির্ণয় এক বিষয় নয়। কোন বয়সে ঘাটতি তৈরি হচ্ছে, কোন সামাজিক গোষ্ঠী পিছিয়ে পড়ছে এবং সময়ের সঙ্গে প্রকৃত দক্ষতা বাড়ছে কি না—এসব জানতে আলাদা মূল্যায়ন প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও