অভিভাবকত্বের প্রশ্নে শিশুর কল্যাণই হোক শেষ কথা
মা–বাবা ও দুই সন্তানের একটি পরিবার। সন্তানদের শৈশব থেকে কৈশোর—বেড়ে ওঠার প্রতিটি বাঁকে বাবার স্নেহময় উপস্থিতি ছিল যেন নির্ভরতার এক নির্ভার ছায়া। স্কুল-কলেজে আনা-নেওয়া, পড়াশোনার তদারকি, দৈনন্দিন পরিচর্যা থেকে শুরু করে সংসারের নানা ব্যবস্থাপনা—সবকিছুতেই তিনি হয়ে উঠেছেন নির্ভরতার এক অবিচল আশ্রয়। আর পরিবারের আর্থিক ভার বহনের প্রধান দায়িত্ব ছিল মায়ের কাঁধে। এভাবেই দুজনের ভিন্ন ভিন্ন অবদান, সময়, শ্রম, স্নেহ ও আর্থিক সহযোগিতা মিলেই গড়ে উঠেছিল তাঁদের সংসার।
কিন্তু দাম্পত্য সম্পর্কের অবনতির একপর্যায়ে সেই পরিবার ভেঙে যায়, আর সন্তানদের সঙ্গে বাবার সম্পর্কও জটিল হয়ে ওঠে। ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, সন্তানের বেড়ে ওঠা ও কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব কোনো একক অভিভাবকের নয়; মা ও বাবা—উভয়ের অবদানই সেখানে গুরুত্বপূর্ণ, যদিও সেই অবদানের ধরন ও পরিসর হয় ভিন্ন।
আরেকটি ঘটনা তুলে ধরে ভিন্ন এক বাস্তবতা। দুই চিকিৎসক দম্পতির বিচ্ছেদের পর দুই সন্তানের দেখাশোনার দায়িত্ব পালন করছিলেন মা। তাঁর অভিযোগ, স্বামীর নির্যাতনে নাক, চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার প্রয়োজন হলে সন্তানদেরও সঙ্গে নিতে চেয়েছিলেন; কিন্তু এ ক্ষেত্রে বাবার সম্মতি না পাওয়ায় তাঁকে জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
ঘটনাটি আমাদের সামনে এক গভীর প্রশ্ন হাজির করে—কোনো অভিভাবকের আইনগত কর্তৃত্ব যদি সন্তানের চিকিৎসা, নিরাপত্তা কিংবা কল্যাণ নিশ্চিত করার পথেই বাধা হয়ে দাঁড়ায়, তবে সেই কর্তৃত্বের প্রকৃত উদ্দেশ্য কী?
দুটি ঘটনা অভিভাবকত্বের প্রশ্নে ভিন্ন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। একদিকে, বাবা হতে পারেন সন্তানের প্রধান পরিচর্যাকারী—সন্তানের দৈনন্দিন যত্ন, শিক্ষা ও বেড়ে ওঠায় তাঁর অবদান হতে পারে মায়ের চেয়েও বেশি। অন্যদিকে, আইনগত অভিভাবকত্বের ক্ষমতা এমন ব্যক্তির হাতে থাকলেও তা কখনো কখনো সন্তানের চিকিৎসা, নিরাপত্তা ও কল্যাণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
বাংলাদেশের ভেঙে যাওয়া পরিবারগুলোর বাস্তবতায় এ ধরনের পরিস্থিতি বিচ্ছিন্ন কোনো অভিজ্ঞতা নয়। তাই বিতর্কটি মা ভালো, না বাবা ভালো—এমন সরল প্রশ্নে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। বরং বিবেচ্য হওয়া উচিত, কোন অভিভাবকের কাছে এবং কোন পরিবেশে শিশুর সর্বোত্তম মঙ্গল নিশ্চিত হবে।
হেফাজত ও অভিভাবকত্ব এক বিষয় নয়
হেফাজত বলতে সন্তানের দৈনন্দিন পরিচর্যা, বসবাস ও লালন-পালনের দায়িত্বকেই বোঝায়। অভিভাবকত্বের সঙ্গে শিক্ষা, চিকিৎসা, সম্পত্তি, পাসপোর্ট ও জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যুক্ত। ফলে যে মা কিংবা বাবা প্রতিদিন সন্তানের দেখাশোনা করেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সমান ক্ষমতা তাঁর না–ও থাকতে পারে। তখন সন্তানের প্রয়োজন মেটাতে গিয়ে পরিচর্যাকারী অভিভাবককেই অন্যজনের সম্মতির অপেক্ষায় থাকতে হয়।
মুসলিম ব্যক্তিগত আইনে হেফাজত ও অভিভাবকত্ব
প্রচলিত মুসলিম ব্যক্তিগত আইনে অল্পবয়সী সন্তানের হেফাজতে মা সাধারণত অগ্রাধিকার পান। হানাফি মত অনুযায়ী প্রচলিত বিধানে ছেলেসন্তানের ক্ষেত্রে সাত বছর এবং মেয়েসন্তানের ক্ষেত্রে বয়ঃসন্ধি পর্যন্ত মায়ের হেফাজতের অধিকার স্বীকৃত। অন্যদিকে, বাবা সাধারণত সন্তানের স্বাভাবিক বা আইনগত অভিভাবক হিসেবে বিবেচিত হন। ফলে মা দৈনন্দিন পরিচর্যার দায়িত্ব পালন করলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর না–ও থাকতে পারে।
মায়ের পুনর্বিবাহ কোনো কোনো প্রচলিত ব্যাখ্যায় হেফাজতের অগ্রাধিকার হারানোর কারণ হিসেবে বিবেচিত হয়। কিন্তু শুধু পুনর্বিবাহ কাউকে অযোগ্য প্রমাণ করে না। একই কথা বাবার ক্ষেত্রেও প্রযোজ্য। নতুন পারিবারিক পরিবেশ শিশুর জন্য নিরাপদ কি না, তার সঙ্গে নতুন সদস্যদের সম্পর্ক কেমন—এসব বাস্তবতা দেখতে হবে। মা অথবা বাবা, কেউই শুধু লৈঙ্গিক কারণে সন্তানের জন্য অধিক উপযুক্ত নন।
- ট্যাগ:
- মতামত
- বিবাহবিচ্ছেদ
- অভিভাবকত্ব