স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনে মানুষ কী পাচ্ছে

প্রথম আলো সৈয়দ আব্দুল হামিদ প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১৬:৪৩

বর্তমান সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই কোনো পূর্বঘোষণা ছাড়াই দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করছেন। উদ্যোগটি নিঃসন্দেহে ইতিবাচক। কারণ, হাসপাতালের প্রকৃত অবস্থা জানতে হলে সেখানে আকস্মিকভাবে যাওয়া এবং রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলার বিকল্প নেই।


আগে থেকে পরিদর্শনের খবর জানানো হলে হাসপাতাল কর্তৃপক্ষ সবকিছু সাময়িকভাবে সাজিয়ে-গুছিয়ে রাখার সুযোগ পায়। ফলে রোগীরা প্রতিদিন যে বাস্তবতার মুখোমুখি হন, তা মন্ত্রীর চোখে ধরা না–ও পড়তে পারে।


আকস্মিক পরিদর্শনের মাধ্যমে মন্ত্রী হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, প্রয়োজনীয় জনবলের ঘাটতি, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট, যন্ত্রপাতির অকার্যকারিতা, অপরিচ্ছন্ন পরিবেশ, দালাল চক্রের দৌরাত্ম্য, রোগীদের খাবারের মান ও আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত কর্মীদের কাজের অবস্থা সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। এমনকি রোগীদের কাছ থেকে সরাসরি অভিযোগ শোনারও সুযোগ হচ্ছে। একজন নীতিনির্ধারকের জন্য মাঠপর্যায়ের এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


স্বাস্থ্যমন্ত্রীর বিভিন্ন পরিদর্শনে যে সমস্যাগুলো উঠে এসেছে, সেগুলো সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। গত ৭ মার্চ নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি ২১ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৮ জনকে উপস্থিত পেয়েছিলেন। ২০ মে খুলনা জেনারেল হাসপাতালে গিয়ে জলাতঙ্কের টিকার সংকট এবং রোগীদের বাইরে থেকে টিকা কিনতে বাধ্য হওয়ার অভিযোগ পান। বাগেরহাটের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী অব্যবস্থাপনায় পড়ে থাকতে দেখেন। ২৯ আগস্ট হবিগঞ্জ সদর হাসপাতালে গিয়ে জনবলসংকট, অপরিচ্ছন্নতা ও দালাল চক্রের অভিযোগ শোনেন। এসব ঘটনা আকস্মিক পরিদর্শনের প্রয়োজনীয়তাই প্রমাণ করে।


কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব পরিদর্শনের পর জনগণ আসলে কী পাচ্ছে? কোনো চিকিৎসক বা নার্সকে বদলি করা, কাউকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া কিংবা কারও বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। কখনো কখনো মন্ত্রীর অসন্তোষ, ধমক বা হুঁশিয়ারিও সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার বিষয় হয়ে উঠছে। কিন্তু এসব পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসাসেবার স্থায়ী কোনো উন্নতি হচ্ছে কি না, সেটিই মূল বিবেচ্য বিষয়।


গত ১৫ অক্টোবর বিডিনিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে কুমিল্লা, হবিগঞ্জ ও সিলেটের কয়েকটি হাসপাতালের অবস্থা পরিদর্শনের পরবর্তী পরিস্থিতির সঙ্গে তুলনা করা হয়। দেখা যায়, মন্ত্রীর পরিদর্শনের পর কোথাও কোথাও পরিচ্ছন্নতা ও শৃঙ্খলায় সাময়িক উন্নতি হলেও কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে আগের সমস্যা ফিরে এসেছে। পরিচ্ছন্নতার অভাব, ওষুধের সংকট, জনবলঘাটতি ও রোগীদের ভোগান্তি অব্যাহত রয়েছে। অর্থাৎ আকস্মিক পরিদর্শন সমস্যা চিহ্নিত করতে পারলেও শুধু পরিদর্শন ও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা দিয়ে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।


এখানেই একটি মৌলিক বিষয় বোঝা প্রয়োজন। হাসপাতালের সব সমস্যা কি চিকিৎসক, নার্স কিংবা হাসপাতাল পরিচালকের ব্যক্তিগত অবহেলার কারণে সৃষ্টি হয়? কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই দায়িত্বে অবহেলা, অনিয়ম কিংবা দুর্নীতি থাকে। সেসব ক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। কিন্তু অনেক সমস্যার পেছনে রয়েছে অনুমোদিত পদের বিপরীতে জনবল না থাকা, প্রয়োজনীয় বাজেটের অভাব বা বাজেট ব্যবহারে নমনীয়তার অভাব কিংবা বরাদ্দকৃত অর্থ ব্যবহারে প্রশাসনিক সীমাবদ্ধতা, ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহে দুর্বলতা, স্থানীয়ভাবে কিংবা দ্রুততার সঙ্গে যন্ত্রপাতি মেরামতের

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও