‘তুমি আমার কোনো কথাই বোঝো না’, সঙ্গী কেন বলেন
সঙ্গী হয়তো মন খারাপ করে কোনো কথা বলছেন। কিন্তু মন দিয়ে শোনার বদলে আপনি তাকে নানা পরামর্শ দিতে শুরু করলেন। কী করা উচিত, কীভাবে সমস্যার সমাধান হবে, সব বুঝিয়ে দিলেন। আপনার মনে হলো, তাকে সাহায্য করছেন। অথচ তার মনে হলো, তার কথা বুঝতেই চাইছেন না।
আসলে এমন ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটে। কারণ, কেবল কথা শুনলেই ভালো শ্রোতা হওয়া যায় না। বুঝতে হয়, অন্য মানুষটি আসলে কী চাইছেন।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিসিসিপির অধ্যাপক গ্রাহাম বোডি মানুষের কথা শোনা, বোঝা ও প্রতিক্রিয়া জানানোর বিষয় নিয়ে গবেষণা করেন। তার মতে, ভালো শ্রোতা হওয়ার কোনো বাঁধাধরা নিয়ম নেই। সবার কথা শোনার ধরনও এক নয়।
অনেকেই মনে করেন, ভালো শ্রোতা হতে হলে চোখে চোখ রেখে কথা শুনতে হবে, মাথা নাড়তে হবে, মাঝেমধ্যে প্রশ্ন করতে হবে, কথা বলার সময় ফোন দেখা যাবে না। অন্যের কথা শেষ হওয়ার আগে বাধা দেওয়া যাবে না। এসব পরামর্শ অবশ্যই কাজে লাগে। কিন্তু সব পরিস্থিতিতে একই নিয়ম মেনে চললেই ভালো শ্রোতা হওয়া যায় না।
বোডির মতে, আসল বিষয় হলো, সামনের মানুষটি যেভাবে কথা শুনতে চাইছেন, সেভাবে শুনতে পারছেন কি না।
কথা শুনছেন, তবু অভিযোগ কেন?
অনেক সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় কেবল কথা শোনার ধরন আলাদা হওয়ার কারণে। একজন হয়তো চান তার কথা মন দিয়ে শোনা হোক। অন্যজন ভাবেন, সমস্যার সমাধান করে দিলেই দায়িত্ব শেষ।
ধরা যাক, আপনার সঙ্গী অফিস থেকে ফিরে জানালেন, সহকর্মীর সঙ্গে তার ঝামেলা হয়েছে। তিনি মন খারাপ করে ঘটনাটি বলছেন। আপনি সঙ্গে সঙ্গে সমাধান দিতে শুরু করলেন। বললেন, ‘এটা করা উচিত ছিল’, ‘ওভাবে উত্তর দিলেই পারতে।’
মনে হতে পারে, আপনি তো সাহায্যই করছেন। কিন্তু সঙ্গী হয় তো তখন কোনো পরামর্শ চাননি। কেবল চেয়েছিলেন, কেউ তার কথা শুনুক, কষ্টটা বুঝুক ও একটু সান্ত্বনা দিক।
- ট্যাগ:
- লাইফ
- সম্পর্কের টানাপোড়েন