আইসিজে জেনোসাইডের রায় দেওয়ার পর রোহিঙ্গারা কি মিয়ানমারে ফিরতে পারবে
সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার জেনোসাইড বা জাতিগত নিধন চালিয়েছে বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সাত বছর ধরে বিচারিক প্রক্রিয়া চলার পর গতকাল বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত এই রায় ঘোষণা করেন আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া। রায় পড়ে শোনাতে তিন ঘণ্টা সময় লেগেছে।
১৫ বিচারকের মধ্যে ৯ জন মিয়ানমার জাতিগত নিধন চালিয়েছে বলে মত দিয়েছেন। প্রধানত মুসলিম এই জনগোষ্ঠীকে কয়েক দশক ধরে নিপীড়ন করা দেশটির বিরুদ্ধে ঐতিহাসিক ক্ষতিপূরণের আদেশের পক্ষেও ভোট দিয়েছেন বিচারকেরা।
১৯৪৫ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের অধীন এই আদালতের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের মামলাটি করেছিল।
রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকার কয়েক দশক ধরেই নিপীড়ন চালিয়ে আসছিল। তবে ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান শুরু করে। এ কারণে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ও জমিজমা ছেড়ে পালাতে বাধ্য হয়। তাদের অধিকাংশই প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। সেখানে আশ্রয়শিবিরে মানবেতর জীবন কাটাচ্ছে তারা।