আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড এখন মার্তিনেজেরও
গোলকিপারের জীবনটা অদ্ভুত। ৯০ মিনিটে ১০টি দুর্দান্ত সেভ করেও তিনি আলোচনার বাইরে থাকতে পারেন। আবার একটি ভুলে সব আলো কেড়ে নিতে পারেন প্রতিপক্ষের স্ট্রাইকার। এমিলিয়ানো মার্তিনেজ অবশ্য এমন গোলকিপার নন। গোল বাঁচানোর আনন্দ যেমন উপভোগ করেন, তেমনি গোল হজম করলে নিজেকে ক্ষমা করতে পারেন না সহজে।
কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ের ম্যাচেও সেটি দেখা গেল। বাংলাদেশ সময় আজ ভোরে মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে আর্জেন্টিনার গোলপোস্টের নিচে দাঁড়িয়ে শুধু একটি গোল ঠেকাননি মার্তিনেজ, গড়েছেন দেশের ফুটবলের ইতিহাসে নতুন এক রেকর্ডও।
কোস্টারিকাকে গোলবঞ্চিত রেখে আর্জেন্টিনার হয়ে ৪৭তম ম্যাচে ‘ক্লিন শিট’ তুলে নেন ২০২২ বিশ্বকাপজয়ী গোলকিপার। তাতেই ছুঁয়ে ফেলেছেন সের্হিও রোমেরোর রেকর্ড। এত দিন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ক্লিন শিটের রেকর্ডটি ছিল রোমেরোর একার।
তবে দুজনের পরিসংখ্যানে আছে বড় পার্থক্য। রোমেরো এই ৪৭টি ক্লিন শিট পেয়েছিলেন ৯৬ ম্যাচে। সাফল্যের হার ৪৮.৯৬ শতাংশ। মার্তিনেজের লেগেছে মাত্র ৭১ ম্যাচ। সাফল্যের হার ৬৫.৭১ শতাংশ। অর্থাৎ জাতীয় দলের জার্সিতে গোলপোস্টের নিচে মার্তিনেজের নির্ভরযোগ্যতা কতটা, সেটি সংখ্যাতেই পরিষ্কার।
- ট্যাগ:
- খেলা
- রেকর্ড
- এমিলিয়ানো মার্টিনেজ