বিশ্বে সত্যিই কি দক্ষিণপন্থার দুর্দিন শুরু হলো
২০২৬–এর শেষ মাসগুলো পার হচ্ছে বেশ নাটকীয়ভাবে। ব্রাজিলে বলসোনারো বিদায় হলেন। তাঁর পিছু নিলেন সার্বিয়ার ভুচিচ। নেতানিয়াহুও আগের দাপট হারালেন। এরপর ট্রাম্পশিবিরের বিপর্যয়। একই সময় বিশাল ভারতজুড়ে চলছে ককরোচ-তরঙ্গ। বিভিন্ন দেশে দক্ষিণপন্থীবিরোধী এসব রাজনৈতিক হোঁচট কতটা আদর্শিক মোড় বদল, কতটা স্রেফ সাময়িক রাজনৈতিক-পরাজয়, সেসব নির্মোহভাবে খতিয়ে দেখার দাবি রাখে।
পরিচয়বাদ বনাম রুটি-রুজির সংকট
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ট্রাম্পের আবির্ভাব প্রায় এক যুগ আগে রিপাবলিকান দলে মনোনয়ন চাওয়ার মধ্য দিয়ে। ওই দলে ও আমেরিকার সমাজে দক্ষিণপন্থী জনতুষ্টিবাদের উত্থান আরও আগে। তাদের বক্তব্য ছিল: অভিবাসীরা আমেরিকার শ্বেতাঙ্গদের রুটি–রুজির জন্য হুমকি। যারা অভিবাসীদের অধিকারের পক্ষে দাঁড়াচ্ছে তারা আমেরিকার ক্ষতি করছে। ‘আমেরিকা বাঁচাতে’ প্রয়োজনে সহিংসতাও এদের একাংশ বৈধ মনে করে। ২০২১–এর জানুয়ারিতে ট্রাম্পের নির্বাচনী পরাজয় প্রত্যাখ্যান করে রিপাবলিকানরা যে কংগ্রেস ভবনে হামলা করেছিল, সেটাও ওই ভাবনা থেকে।
দক্ষিণপন্থীরা সচরাচর নিজ দেশের বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ দেখে। সুযোগ পেলে করের হার কমিয়ে আনার প্রচেষ্টা নেয়, বিদেশি পণ্য ঠেকানোর নামে শুল্ক বসায়, শ্রমিক অধিকারের প্রতি অসহনশীল থাকে। যেকোনো উপায়ে ব্যবসাবান্ধব নীতি তাদের অগ্রাধিকার। এটা তাদের রাজনীতিতে অর্থপ্রবাহ গতিশীল রাখে। এরা সব সময় সামরিক বাজেট বাড়ানোরও পক্ষে থাকে। তবে আমেরিকার উগ্র রিপাবলিকানরা বিশ্বের বিভিন্ন প্রান্তে দীর্ঘকাল যুদ্ধে লিপ্ত হওয়ার বিরোধিতা করে। তাদের ধারণা, আমেরিকা সম্পদ হারাচ্ছে এতে।
ট্রাম্প ক্ষমতায় এসে নিচুতলার শ্বেতাঙ্গ শ্রমিকদের খুশি করতে বিদেশি পণ্য ঠেকানোর পদক্ষেপ নিয়েছিলেন। অতীতে ‘পরিবেশ সুরক্ষায় অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে শিল্পায়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে’—এ রকম একটা ধারণা ছড়িয়েছেন তিনি পরিবেশবাদীদের বিরুদ্ধে। এ ছাড়া রক্ষণশীল ভোটারদের জড়ো করার জন্য লিঙ্গসমতা, বর্ণসমতা ইত্যাদিরও বিরুদ্ধে উগ্র রিপাবলিকানরা।
প্রশ্ন উঠতে পারে, এই দক্ষিণপন্থীরা এবার তাহলে যুক্তরাষ্ট্রের নির্বাচনে খারাপ করল কেন? বড় কারণ, বহির্বিশ্বে যুদ্ধে কম লিপ্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়েও ট্রাম্পশিবির ইরান যুদ্ধে জড়িয়ে পড়ে। ইউক্রেন যুদ্ধেও গোপনে যুক্ত তারা। এই দুই যুদ্ধ শ্বেতাঙ্গ নিম্নবিত্তদের অসুবিধায় ফেলেছে বাজারে। এটা দক্ষিণপন্থীদের দ্বিচারিতা হিসেবে দেখেছে ভোটাররা এবং শাস্তি দিয়েছে। তবে এই রায়কে আমেরিকার সমাজে দক্ষিণপন্থীদের বড় ধরনের প্রত্যাখ্যান হিসেবে দেখা ভুল। ভোটে আদর্শের চেয়ে রুটি-রুজির সংকট বড় বিষয় ছিল।
বলসোনারো ও নেতানিয়াহু হারলেও উভয় দেশে দক্ষিণপন্থী প্রভাব বিপুল
আমেরিকা এবং ব্রাজিলের নির্বাচনে এটা স্পষ্ট, অতি জনতুষ্টিবাদী দক্ষিণপন্থার পক্ষে দীর্ঘকাল ক্ষমতায় থাকা দুরূহ। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশ পরিচয়বাদবিরোধী, যুদ্ধবিরোধী এবং আবাসন, পরিবহন ও স্বাস্থ্যসুবিধা বাড়াতে যে প্রচার চালিয়েছে সেসব তরুণদের আকৃষ্ট করছে। পরিবেশ প্রশ্নকেও সমাজের বড় অংশের মানুষ গুরুত্বপূর্ণ ভাবছে। ধর্ম ও বর্ণগত পরিচয়বাদের জায়গা থেকে ডেমোক্র্যাট প্রগতিশীল উপদল সমাজকে কিছুটা হলেও বাইরে আনতে পারছে।
তবে ব্রাজিলে বলসোনারোর হার দক্ষিণপন্থার বিপরীতে যতটা তার চেয়েও বেশি দুর্নীতিবিরোধী ক্ষোভ। রাজনীতির শুরুতে ‘সবার ওপর ব্রাজিল—সবার ওপরে ঈশ্বর’ এসব স্লোগান এবং আদিবাসীদের অধিকার, নারী অধিকার ইত্যাদির বিরুদ্ধে অবস্থান নিয়ে রক্ষণশীল ভোট, বিশেষ করে ইভানজেলিক ভোট নিজের বাক্সে জড়ো করেছিলেন বলসোনারো। সহযোগী হিসেবে বিপুলসংখ্যক সাবেক সামরিক কর্মকর্তাকে জড়ো করে সশস্ত্র বাহিনীর সমর্থনও বাড়ান। ট্রাম্পের সমর্থকদের মতো তিনিও বিশ্বায়নের বিরোধিতা করতেন। নিজেকে তিনি ‘দক্ষিণ আমেরিকার ট্রাম্প’ও বলতেন।
- ট্যাগ:
- মতামত
- নির্বাচনে জয়ী
- ভূরাজনীতি