রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকের পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত রয়েছে। চতুর্থ দফায় টানা ১৩ দিন ধরে চলা এ অবরোধে কার্যত অচল হয়ে পড়েছে সাজেকের পর্যটন ও স্বাভাবিক যোগাযোগব্যবস্থা। গত ১১ অক্টোবর থেকে বিভিন্ন পর্যায়ে চলমান এ অবরোধে ১৪ নভেম্বর পর্যন্ত মোট ২৪ দিন সড়ক যোগাযোগ বন্ধ বা সীমিত থাকায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) সকালেও সাজেক পর্যটন সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে স্লোগান দিয়ে পিকেটিং করেন অবরোধকারীরা। সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ব্যানারে চলা এ কর্মসূচিতে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১১ অক্টোবর থেকে সাজেকের পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি শুরু হয়। প্রথম দফার অবরোধে পর্যটক ও যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে কয়েক দফায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে নেওয়া হয়। পরে দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ শিথিল থাকায় কিছু পর্যটক সাজেকে যাতায়াত করেন। তবে ২২ অক্টোবর থেকে আবারো নতুন করে উত্তেজনা ও অবরোধ পরিস্থিতি তৈরি হয়।
পরবর্তী সময়ে বিভিন্ন সংগঠনের কর্মসূচি, দাবি-দাওয়া এবং প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও সংকটের স্থায়ী সমাধান হয়নি। এর মধ্যে কয়েক দফায় অবরোধ শিথিল ও পুনরায় কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সর্বশেষ চতুর্থ দফায় অনির্দিষ্টকালের অবরোধের ১৩ দিন পার হয়েছে।