রহস্য-রোমাঞ্চের গল্পে জয়া আহসান
রহস্য, সন্দেহ আর বিশ্বাসঘাতকতায় মোড়া এক মনস্তাত্ত্বিক খুনের গল্প। পাহাড়ের মনোরম পরিবেশে সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা গোপন সত্য নিয়ে বড় পর্দায় আসছে ‘আরএসভিপি মার্ডার’। নির্মাতা অর্জুন দত্তের এই ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী জয়া আহসান। নিজের পছন্দের পরিচালকের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী।
ছবিতে নিজের যুক্ত হওয়া প্রসঙ্গে জয়া বলেন,‘অর্জুন আমার অত্যন্ত পছন্দের একজন পরিচালক। তার পরবর্তী ছবির অংশ হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আরএসভিপি মার্ডার-এ একঝাঁক গুণী অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। সেটা আমার কাছে ভীষণ উত্তেজনার বিষয়, সেই সঙ্গে বিরাট প্রাপ্তি।’
তার কথায়, ‘আমার চরিত্রটিও বেশ আকর্ষণীয় এবং চরিত্রটি ফুটিয়ে তোলার মধ্যে একটা আলাদা চ্যালেঞ্জ রয়েছে। ব্যক্তিগতভাবে চরিত্রটিকে আমার খুব ভালো লেগেছে। এবার অপেক্ষা, ছবিটি তৈরি হওয়ার পর দর্শকদের কতটা ভালো লাগে সেটা দেখার। আরএসভিপি মার্ডার একটি মার্ডার মিস্ট্রি। আর এই ছবির অংশ হতে পেরে আমি সত্যিই উচ্ছ্বসিত।’
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা
- জয়া আহসান