মৃত পথকুকুরের ছানাকে বাঁচাবার আর্জি: প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ
গত মাসেও আজিমপুরের কোয়ার্টারে আমার এক স্নেহের ছোট ভাইয়ের বাসায় দাওয়াতে গিয়েছিলাম। সেখানে প্রায়ই যাওয়া হয়। ছোট ভাই একজন ডাকসাইটে সরকারি কর্মকর্তা। তার স্ত্রী পরম মমতায় এই প্রাণীগুলোর জন্য খাবার তুলে দিতেন। ছোটবেলা থেকেই আমি প্রাণীপ্রেমী। আর ওখানে গেলেই একটা দৃশ্য আমার জন্য অপেক্ষা করত। গাড়ির হর্ন শুনলেই এক মা কুকুর কান নুইয়ে তার দল নিয়ে ছুটে আসত। এলাকার সবাই তাকে ডাকত ‘লেডি গাগা’ বলে। পেট ভরলে মনের আনন্দে সে আকাশের দিকে মুখ তুলে গা ছেড়ে গান ধরত—নিজের ভাষায়, নিজের সুরে। আমি দাঁড়িয়ে শুনতাম।
আজ ফেইসবুকে ঢুকে দেখি সেই লেডি গাগা আর নেই। স্থানীয়রা বলছে, তাকে বিষ খাইয়ে মারা হয়েছে। মৃত্যুর আগে তার মুখ দিয়ে ফেনা উঠতে দেখেছে অনেকে। বিষ প্রয়োগের বিষয়টি এখনো তদন্তসাপেক্ষ; কিন্তু যে মা কুকুরটি আমার গাড়ির শব্দে ছুটে আসত, সে আর কোনোদিন আসবে না—এটা আমার কাছে নিষ্ঠুর সত্যের মতো।
গত এক সপ্তাহ সে কিছু খেতে পায়নি। মধ্যরাতে লুকিয়ে কেউ দুটো শুকনো রুটি-বিস্কুট দিলে সেটুকুই ছিল তার বেঁচে থাকার সম্বল, বাচ্চাদের মুখের দিকে চেয়ে। লুকিয়ে খাওয়ানোরও কত ঝামেলা। দারোয়ান খবর পৌঁছে দেয়, সকালে সিসিটিভি ফুটেজ খুলে দেখা হয়, তারপর যিনি খাবার দিয়েছেন তার দরজায় গিয়ে চলে অপমান আর শাসানি। আর ওই ছানাটা! শুনেছি, মরে যাওয়া মায়ের বুকের চেনা উষ্ণতায় মুখ গুঁজে সে তখনও দুধ খুঁজছিল। মৃত্যু কী জিনিস সে জানে না; সে শুধু জানে, এই বুকেই খাবার থাকে।
আমি বলব না আপনার সন্তানকে ওই ছানার জায়গায় কল্পনা করুন। বরং প্রার্থনা করি, আপনার সন্তান যেন সারাজীবন দুধে-ভাতে থাকে।
কিছুদিন আগে প্রধানমন্ত্রী আকস্মিক পরিদর্শনে গিয়েছিলেন এই কলোনিতে। নোংরা পরিবেশ দেখে অসন্তুষ্ট হয়ে নির্দেশ দিয়ে যান অবস্থার পরিবর্তনের। গণপূর্তের লোকজন নেমে পড়ে পরিচ্ছন্নতা অভিযানে। সাবলেট উচ্ছেদ হয়, ঝুলে থাকা কেবল সরে যায়, পাঁচ বছরের জঞ্জাল দুই সপ্তাহে বিদায় নেয়। এই উদ্যোগ ভালো। কিন্তু সেই অভিযানের আড়ালে কিছু মানুষ পেয়ে গেছে এক নিষ্ঠুর সুযোগ। পরিচ্ছন্নতার দোহাই দিয়ে তারা ক্ষুধার্ত প্রাণীদের খাবার বন্ধ করেছে; যারা খাওয়াতে যায় তাদের জরিমানা আর বরাদ্দ বাতিলের হুমকি দিচ্ছে, নারীদের কুৎসিত ভাষায় অপমান করছে।
অভিযোগ আছে, আবাসনের এক প্রভাবশালী বাসিন্দা এই কাজে নেতৃত্ব দিচ্ছেন। তিনি একজন সরকারি কর্মচারী, রাষ্ট্রের বেতনে চলেন, রাষ্ট্রের দেওয়া ঘরে থাকেন। অথচ অভিযোগ উঠেছে, তার ছেলের প্যান্ট ধরে একটা কুকুর টেনেছিল বলে তিনি পাঁচটা কুকুরকে লাঠিপেটা করে আহত করেছেন। একটা বাচ্চার পা ভেঙে গেছে। কুকুরছানাদের বিষ দিয়ে মারার কথা শোনা যাচ্ছে। যেসব কুকুরের টিকা আর বন্ধ্যাত্বকরণ আগেই সম্পন্ন হয়েছে, তাদেরও নিধনের জন্য সিটি করপোরেশন আর গণপূর্তে আবেদন করা হয়েছে ওই কর্মকর্তার উদ্যোগে।
ক্ষুধার্ত কুকুর মানুষের ব্যাগ ধরে টানে—এটাই এখন অজুহাত। কিন্তু যে প্রাণীকে আপনি সাত দিন না খাইয়ে রেখেছেন, সে খাবারের আশায় আপনার কাছে আসবে না তো কার কাছে যাবে? এই আচরণের দায় কুকুরের নয়; যে মানুষ তাকে ক্ষুধার্ত রেখেছে, দায় তার।
শুধু আজিমপুর নয়, আমার বাসার সামনে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের পার্ক এলাকাতেও কয়েক দিন ধরে এসব অভুক্ত অবলা পশুকে বিষ খাইয়ে মারা হয়েছে। আমি নিজে হাতে এদের খাওয়াতাম। আমার বাসার নিচে এরা কয়েকজন ঘুরঘুর করত। কখনো কাউকে বিরক্ত করেছে বলে আমি শুনিনি। অথচ এদের হত্যার প্রতিবাদে এখানে মানববন্ধন হয়েছে, এটা আমি শুনেছি।
বাংলাদেশ এই পথে হেঁটে ঠকেছে। বহু দশক ধরে এখানে সরকারি খরচে পথকুকুর মারা হয়েছে, অথচ একসময় জলাতঙ্কে মৃত্যুর হারে আমরা ছিলাম বিশ্বের শীর্ষ সারিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবরণ অনুযায়ী, ২০১১ সাল থেকে মারার বদলে গণহারে টিকা দেওয়ার পথে যাওয়ার পর ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে জলাতঙ্কে মানুষের মৃত্যু প্রায় অর্ধেকে নেমে এসেছে। সংস্থাটির মতে, অন্তত ৭০ শতাংশ কুকুরকে টিকার আওতায় আনতে পারলেই রোগ নিয়ন্ত্রণ সম্ভব।
আজিমপুরের কুকুরগুলোর অনেকেই ইতিমধ্যে টিকা পেয়েছে, বন্ধ্যাত্বকরণও হয়েছে; আর তা সরকারের টাকায় নয়, হয়েছে কয়েকজন প্রাণীপ্রেমী মানুষের চাঁদায়। টিকা পাওয়া কুকুর মেরে ফেললে কলোনির মানুষই বেশি ঝুঁকিতে পড়বে, কারণ টিকাহীন বাইরের কুকুর সেই শূন্যস্থান দখল করবে। যারা নিধনের আবেদন করছেন, তারা অজান্তে নিজেদেরই বিপদ ডেকে আনছেন।
- ট্যাগ:
- মতামত
- কুকুর হত্যা