ধর্ষকের ফাঁসি, শিশুর দায়িত্ব রাষ্ট্রের—কিন্তু বাস্তবে কতটা সম্ভব?
নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে হুমকি দেওয়ার অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। ২০২৬ সালের ১১ নভেম্বর বুধবার নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ ছালাম এ রায় ঘোষণা করেন। ধর্ষণের শিকার শিশুটি শুধু অন্তঃসত্ত্বাই হয়নি, ১১ বছর বয়সেই তাকে একটি কন্যাসন্তানের জন্ম দিতে হয়েছে। আদালতের রায়ে অপরাধীর মৃত্যুদণ্ডের পাশাপাশি শিশুটির জন্ম দেওয়া সন্তানের ভরণপোষণ, শিক্ষা ও লালন-পালনের সার্বিক দায়িত্ব রাষ্ট্রকে বহন করার নির্দেশ দেওয়া হয়েছে।
রায়টি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। কিন্তু এই ঘটনার মধ্যে এমন কিছু প্রশ্ন রয়েছে, যেগুলোর উত্তর শুধু আদালতের রায়ে পাওয়া যাবে না। যে শিশুটির বয়সে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, খেলার মাঠে ছুটে বেড়ানোর কথা, সেই বয়সে তাকে মাতৃত্বের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। তার শৈশব কে ফিরিয়ে দেবে? তার মানসিক ক্ষত সারাবে কে? আর যে কন্যাশিশুটি ধর্ষণের ফলে জন্ম নিয়েছে, তার ভবিষ্যৎ কীভাবে নিশ্চিত হবে?
আদালত বলেছেন, রাষ্ট্র শিশুটির সব ব্যয় বহন করবে। কিন্তু রাষ্ট্র কি সত্যিই দীর্ঘদিন ধরে একটি শিশুর ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও স্বাভাবিক বেড়ে ওঠার দায়িত্ব পালন করতে পারবে? কোন প্রতিষ্ঠান এই দায়িত্ব নেবে? অর্থের সংস্থান হবে কীভাবে? শিশুটি বড় হওয়ার পর তার পরিচয়, পারিবারিক সম্পর্ক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ব্যবস্থা কী হবে? রায় ঘোষণার পর এসব প্রশ্ন সামনে আসা জরুরি।
ধর্ষণের ঘটনা ঘটলে আমাদের সমাজে ক্ষোভের একটি পরিচিত বহিঃপ্রকাশ দেখা যায়—ধর্ষকের ফাঁসি চাই। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রাজপথ, রাজনৈতিক বক্তব্য থেকে সাধারণ মানুষের প্রতিবাদ—সবখানেই মৃত্যুদণ্ডের দাবি উচ্চকিত হয়। এই ক্ষোভ অযৌক্তিক নয়। যে ব্যক্তি একজন মানুষের শরীর, মন, মর্যাদা ও নিরাপত্তার ওপর এমন নির্মম আঘাত হানে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু ধর্ষণের বিচার কি কেবল অপরাধীর শাস্তিতেই শেষ? ধর্ষকের ফাঁসি কার্যকর হলে একটি মামলার পরিণতি হতে পারে, কিন্তু ভুক্তভোগীর জীবনে ঘটে যাওয়া বিপর্যয়ের কি সেখানেই অবসান ঘটে?
শাস্তির পরও যে বিচার বাকি থাকে
ধর্ষণের ক্ষত শুধু শরীরে সীমাবদ্ধ থাকে না। বিশেষ করে শিশু ধর্ষণের ক্ষেত্রে এর প্রভাব হতে পারে দীর্ঘস্থায়ী ও বহুমাত্রিক। ভয়, আতঙ্ক, অপরাধবোধ, বিষণ্নতা, আত্মবিশ্বাসের সংকট এবং মানুষের প্রতি অবিশ্বাস—এসব মানসিক সমস্যা একজন ভুক্তভোগীকে দীর্ঘদিন তাড়া করে বেড়াতে পারে। তার সঙ্গে যদি যুক্ত হয় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও সন্তান জন্মের অভিজ্ঞতা, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
নেত্রকোনার শিশুটির ঘটনাটি সেই নির্মম বাস্তবতারই উদাহরণ। মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে মাদরাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহকর্মীর কাজ করতেন। শারীরিক পরিবর্তন ও অসুস্থতার কারণে চিকিৎসকের কাছে নেওয়ার পর জানা যায়, শিশুটি অন্তঃসত্ত্বা। পরে পরিবারের কাছে সে নির্যাতনের কথা জানায়। তার নিরাপত্তার কথা বিবেচনা করে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। সেখানে গত ২ জুলাই সে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। ডিএনএ পরীক্ষায় নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষকের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
একটি ১১ বছরের শিশুর জীবনে এই অভিজ্ঞতার অভিঘাত কতটা গভীর হতে পারে, তা সহজেই অনুমেয়। তার নিজেরই এখন স্নেহ, নিরাপত্তা, পরিচর্যা ও মানসিক সহায়তা প্রয়োজন। অথচ তাকে একই সঙ্গে একটি নবজাতকের মা হওয়ার বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। এখানে রাষ্ট্রের দায়িত্ব দুটি শিশুর প্রতি—জন্মদাত্রী শিশুটি এবং তার গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তুটি। তাদের প্রয়োজন ও অধিকার এক নয়, কিন্তু উভয়ের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করা সমান জরুরি।
- ট্যাগ:
- মতামত
- ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড