ক্যানসার চিকিৎসায় ধনীদের ভরসা বিদেশ, গরিবের অপেক্ষা মেঝেতে
১৫ অক্টোবর ২০২৬। ভোর চারটা। আমরা রওনা দিলাম ঢাকার মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্দেশে। রাস্তা ফাঁকা। সময় বেশি লাগল না। পৌঁছালাম সাড়ে চারটার কিছু আগে।
হাসপাতালটির প্রশাসনিক ভবনের কলাপসিবল গেটের সামনে গিয়ে দেখলাম, সেখানে জনাপঞ্চাশেক মানুষ। কেউ পাটি বা মাদুর বিছিয়ে শুয়ে আছেন। কারও কারও তা নেই, শুয়ে আছেন মেঝেতে। দু-একজন মশারি টানিয়েছেন। কারও কারও পায়ের কাছে জ্বলছে কয়েল। মশা তাড়াতে ও গরমে কেউ কেউ বসে হাতপাখা দিয়ে বাতাস করছেন।
মাদুর বিছিয়ে মেঝেতে শুইয়ে রাখাদের একজন ইসমত আরা বেগম। বয়স ষাটের বেশি। রোগা শরীর, কিন্তু পা ফোলা। ইসমত আরা একটু পরপর অস্পষ্ট, কিন্তু তীব্রভাবে ব্যথায় চিৎকার করে উঠছেন। অসহায় স্বজনেরা তাঁর গায়ে হাত বুলিয়ে দেওয়া ছাড়া আর কিছুই করতে পারছেন না।
পাশেই পাওয়া গেল ইসমত আরার বোনের ছেলে ফারুক হাওলাদারকে। তিনি জানালেন, তাঁরা বিক্রমপুর (মুন্সিগঞ্জ) থেকে এসেছেন। ইসমত আরা জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত। ঢাকায় এসে প্রথমে গিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে তিন দিন আগে পাঠানো হয় ক্যানসার ইনস্টিটিউটে। তিন দিন ধরে নানা পরীক্ষা করাতে বলছেন চিকিৎসকেরা। পরীক্ষার সিরিয়াল পেতে রোগীর স্বজনেরা লাইন দেন আগের দিন মধ্যরাতে।
ফারুক আরও বললেন, ইসমত আরাকে ভর্তি করাতে পারেননি। পরীক্ষার ফল দেখে ভর্তি করানো হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তিনি রাতে ইসমত আরাকে নিয়ে প্রশাসনিক ভবনের সামনে থাকেন। সকাল হলে হাসপাতালের আনসাররা বাঁশি ফুঁ দিতে থাকেন। তখন এ জায়গা ছেড়ে দিতে হয়। তারপর ধরাধরি করে ইসমত আরাকে প্রশাসনিক ভবনের ভেতরে নিয়ে মেঝেতে শুইয়ে রাখা হয়।
অসহায়ত্ব ও ক্ষোভ মিশ্রিত কণ্ঠে ফারুক বলেন, ‘রোগীরে যদি এমনে রাখি তাইলে বাঁচব কেমনে? গরিব মানুষ বইল্যাই তো এই সরকারি হাসপাতালে আসছি।’
স্ত্রী মাজেদা খাতুনের স্তন ক্যানসার চিকিৎসায় রেডিওথেরাপির সিরিয়াল পাওয়ার চেষ্টা করছিলেন রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা টিপু সুলতান। তিনি সিরিয়াল পেয়েছেন আগামী বছরের মে মাসে। গত বছরের ২২ অক্টোবর ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘রেডিওথেরাপি এখনই প্রয়োজন, অথচ তারিখ পেয়েছি ২০২৭ সালের মে মাসে। ক্যানসার রোগীর চিকিৎসার জন্য এত দিন অপেক্ষা করব কীভাবে?’
আমরা যোগাযোগ করি টিপু সুলতানের সঙ্গে। তিনি বলেন, গত বছর স্ত্রীর ক্যানসার ধরা পড়ে। প্রথমে কেমোথেরাপি দেওয়ার পর গত সেপ্টেম্বর মাসে ক্যানসার ইনস্টিটিউটে স্ত্রীর অস্ত্রোপচার হয়েছে। এখনো অপেক্ষা করছেন রেডিওথেরাপির সিরিয়ালের জন্য।
১০ নভেম্বর আবার যোগাযোগ করা হলে টিপু সুলতান প্রথম আলোকে বলেন, রেডিওথেরাপির সিরিয়াল পাওয়া নিয়ে তিনি যে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, তা ক্যানসার ইনস্টিটিউটের পরিচালকের নজরে পড়েছিল। পরিচালক তাঁর সঙ্গে দেখা করতে বলেছিলেন। অবশেষে ১০ নভেম্বর রেডিওথেরাপি বা বিকিরণ চিকিৎসা শুরুর আগের প্রস্তুতিমূলক পর্যায় নির্ণয়ে সিটি সিমুলেশন পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। এখন আশা করা যায়, রেডিওথেরাপির জন্য হয়তো ২০২৭ সালের মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
দেশে ক্যানসার চিকিৎসার সবচেয়ে বড় ও বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। সারা দেশের উপজেলা ও জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা ক্যানসার রোগী ও সন্দেহভাজন ক্যানসার রোগীদের এই হাসপাতালে পাঠানো (রেফার করা) হয়। অন্যদিকে দরিদ্র রোগীদের শেষ ভরসার স্থান এই হাসপাতাল। হাসপাতালটিতে রোগ শনাক্তের পরীক্ষার খরচ কম, ওষুধে খরচ কম, চিকিৎসা বিনা মূল্যে।