গণছাঁটাইয়ের ঘোষণা কোয়ালকমের, চাকরি হারাবেন ভারতীয় কর্মীদের একটি বড় অংশ
পুনর্গঠন কার্যক্রমের ঘোষণা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কর্মী ছাঁটাই শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান কোয়ালকম। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস্টিয়ানো আমনের একটি অভ্যন্তরীণ বার্তার পর এ উদ্যোগ শুরু হয়। ওই বার্তায় তিনি কর্মী ছাঁটাইয়ের উদ্যোগকে ‘কর্মদক্ষতাকেন্দ্রিক’ বলে উল্লেখ করেছিলেন।
স্মার্টফোনের চিপ ব্যবসায় চাপের মুখে রয়েছে কোয়ালকম। ভোক্তা ইলেকট্রনিকস পণ্যের চাহিদা কমে যাওয়া এবং মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ায় স্মার্টফোন বিক্রিতে প্রভাব পড়েছে। এ ছাড়া অ্যাপলের পণ্য থেকে প্রত্যাশার চেয়ে দ্রুত আয় কমে যাওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা অক্টোবরে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় সিইও ক্রিস্টিয়ানো আমন বলেন, কর্মদক্ষতাভিত্তিক সংস্কৃতি আরও শক্তিশালী করতে চায় কোয়ালকম। পাশাপাশি যেসব কর্মী ধারাবাহিকভাবে প্রত্যাশিত কর্মদক্ষতা দেখাতে পারছেন না, তাঁদের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়িক অগ্রাধিকার, সাংগঠনিক প্রয়োজন এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় দক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কর্মী ছাঁটাই
- কোয়ালকম