সরকার ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: সংসদে শফিকুর রহমান
দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতা, ককটেল বিস্ফোরণ, হামলা ও সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করে শফিকুর রহমান বলেছেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায় নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে, আমরাও বসে থাকব না। কারণ এই দেশ আমাদের সবার।’
আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা। এ সময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চান উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করেছেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘ঠিক আছে, একাই করেন, তবে করেন, আমরা সেটা চাই। আর যদি বিরোধী দলের ভূমিকার প্রয়োজন হয়, সেটা বলবেন তো? সেটাও বলা হচ্ছে না।’