বক্স অফিসে দুই এশীয় সিনেমার দাপট
হলিউডকে পেছনে ফেলে আন্তর্জাতিক বক্স অফিসে দাপট দেখাচ্ছে দুই এশীয় সিনেমা। জাপানি সিনেমা ‘গডজিলা মাইনাস জিরো’ ও ভারতীয় সিনেমা ‘রামায়ণ’ মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বজুড়ে বিশাল অঙ্কের ব্যবসা করেছে। বিশেষ করে প্রিমিয়াম লার্জ ফরম্যাট এবং আইম্যাক্স স্ক্রিনে সিনেমা দুটি দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল।
সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, বিশ্বজুড়ে বক্স অফিসে সবচেয়ে এগিয়ে আছে গডজিলা মাইনাস জিরো। মুক্তির প্রথম সপ্তাহান্তেই (রোববার পর্যন্ত) বিশ্বব্যাপী ৬৩ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি। লাইভ-অ্যাকশন বিদেশি ভাষার সিনেমা হিসেবে উদ্বোধনী আয়ের দিক থেকে এটি এখন সর্বকালের সেরা। সিনেমাটির মোট আয়ের একটি বড় অংশ এসেছে আইম্যাক্স স্ক্রিন থেকে। বিশ্বব্যাপী আইম্যাক্স থেকে এর আয় ২১ দশমিক ৩ মিলিয়ন ডলার, যা মোট আয়ের ৩৪ শতাংশ। জাপানি কোনো সিনেমার আইম্যাক্স ওপেনিংয়ের ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড।
২০২৩ সালের অস্কারজয়ী ‘গডজিলা মাইনাস ওয়ান’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর পরিচালক তাকাশি ইয়ামাজাকি নির্মাণ করেছেন এর সিক্যুয়েল গডজিলা মাইনাস জিরো। সিনেমার কাহিনি শুরু হয়েছে ১৯৪৯ সালের প্রেক্ষাপটে, অর্থাৎ আগের সিনেমার ঘটনার ঠিক দুই বছর পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও গডজিলার ধ্বংসযজ্ঞের পর জাপান যখন সবেমাত্র ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখনই তিন মাথাওয়ালা ভয়ংকর দানবের হামলার শিকার হয় দেশটি। শহরগুলো আবারও ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে। মানুষের সব অস্ত্র ও কৌশল ব্যর্থ হওয়ার পর সমুদ্র থেকে ফিরে আসে গডজিলা। দুই দানবের এই মহাকাব্যিক লড়াই দেখতেই প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক।
- ট্যাগ:
- বিনোদন
- আর্ন্তজাতিক
- বক্স অফিস