‘বিগত সরকারের জিডিপি হিসাবে ব্যাপক গরমিল পাওয়া গেছে’
বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) গণনায় ব্যাপক গরমিল ও অসংগতি চিহ্নিত করা হয়েছে। এক ফরেনসিক অডিটের মাধ্যমে এসব অসংগতি উঠে এসেছে এবং বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে অচিরেই এই প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকার।
আজ রোববার জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এ তথ্য জানান।
একই সঙ্গে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, তথ্যের নিরপেক্ষতা ও পরিসংখ্যানের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তথ্যের স্বচ্ছতার ওপর জোর দিয়ে বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে কোনো কাজ করা যায় না। এটি নিজের সঙ্গে প্রতারণা করার মতো। সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তথ্য, তাই বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে।
অতীতের হিসাব পর্যালোচনার বিষয়ে মন্ত্রী স্পষ্ট করেন, অডিট করার উদ্দেশ্য কাউকে ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু করা নয়। তিনি বলেন, ফরেনসিক অডিট করা হয়েছে অতীতের অনিয়মের গভীরে যাওয়ার জন্য, কাউকে টার্গেট করার জন্য নয়। তথ্য যত বেশি উন্মুক্ত করা হবে, তত বেশি ভুল ও অসংগতি সামনে আসবে এবং তা সংশোধনের সুযোগ তৈরি হবে।
মন্ত্রী জানান, জনবল ঘাটতি দূর করার পাশাপাশি প্রযুক্তির যুগে ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিষয়টিতে সরকার অগ্রাধিকার দিচ্ছে।