সুপারনোভার ছবি তোলা ‘সুইফট’ বিদায় নিল অগ্নিসমাধিতে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১৩:৫৮
মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণগুলোর ওপর দুই দশকের বেশি সময় ধরে নজর রাখার পর এবার যেন নিজের বিদায়ী আতশবাজি জ্বালিয়েই অভিযানের ইতি টানল নাসার ‘নিল গেহরেলস সুইফট’ মহাকাশ পর্যবেক্ষণযান।
যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স জানিয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা অঞ্চলের ওপর দিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে মহাকাশযানটি। সে সময় এর অবস্থান ছিল উত্তর অক্ষাংশের প্রায় ৩ দশমিক ৪ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের ৯৮ দশমিক ৬ ডিগ্রিতে।
নাসার ধারণা, বায়ুমণ্ডলের মধ্য দিয়ে নামার সময় মহাকাশযানটির বেশিরভাগ অংশই প্রচণ্ড তাপে পুড়ে ছাই হয়ে গেছে। তবে কিছু যন্ত্রাংশ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পরও অক্ষত থাকতে পারে, বিশেষ করে যেগুলো অসম্ভব মজবুত ও তাপসহ্যক্ষমতাসম্পন্ন ধাতুতে তৈরি।