ফোনের স্টোরেজ দ্রুত শেষ হয়ে যাচ্ছে? এই ৭ কার্যকর উপায়ে মিলবে সমাধান
জরুরি মুহূর্তে ছবি তুলতে গিয়ে হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল ‘স্টোরেজ স্পেস শেষ’। নতুন অ্যাপ ইনস্টল করতে গেলেও একই বার্তা। জায়গা করতে গিয়ে মুছতে হচ্ছে পুরোনো ছবি, ভিডিও কিংবা প্রয়োজনীয় ফাইল। অথচ কোন ফাইল ফোনের কতটা জায়গা দখল করে রেখেছে, তা বুঝে ওঠাও কঠিন।
কিন্তু কেন এত দ্রুত শেষ হচ্ছে ফোনের মেমোরি? আর অপ্রয়োজনীয় ফাইল না সরিয়ে কীভাবে গুরুত্বপূর্ণ তথ্য অক্ষত রেখে জায়গা খালি করা যায়? জেনে নিন স্টোরেজ পূর্ণ হওয়ার কয়েকটি কারণ এবং তা সমাধানের সাতটি উপায়।
যেসব কারণে দ্রুত পূর্ণ হয় ফোনের মেমোরি
ছবি ও ভিডিও: ফোনের স্টোরেজ দ্রুত পূর্ণ হওয়ার অন্যতম কারণ উচ্চ রেজল্যুশনের ছবি ও ভিডিও। বর্তমানে স্মার্টফোনে ৫০, ১০৮ এমনকি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরাও রয়েছে। এসব ক্যামেরায় তোলা ছবির ফাইলের আকার তুলনামূলক বড় হয়। অন্যদিকে, ফুল এইচডি বা ফোরকে রেজল্যুশনে ধারণ করা ভিডিও কয়েক মিনিটেই কয়েকশ মেগাবাইট থেকে কয়েক গিগাবাইট জায়গা নিতে পারে। একই ছবির একাধিক কপি, স্ক্রিনশট ও সম্পাদিত ছবির মূল ফাইলও স্টোরেজ দখল করে।
সামাজিক যোগাযোগমাধ্যমের ক্যাশ: ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের মতো অ্যাপে ছবি-ভিডিও দেখার সময় কিছু তথ্য সাময়িকভাবে ফোনে জমা হয়। এগুলো ক্যাশ ফাইল নামে পরিচিত। একই কনটেন্ট পরে দ্রুত লোড করতে এসব ফাইল কাজে লাগে। তবে দীর্ঘদিন অ্যাপ ব্যবহার করলে ক্যাশের পরিমাণ বেড়ে যায়। অ্যাপের নিজস্ব ডেটা, সার্চের ইতিহাস ও বিভিন্ন সেটিংসও স্টোরেজ ব্যবহার করে।
মেসেজিং অ্যাপের মিডিয়া ফাইল: হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন মেসেজিং অ্যাপে প্রতিদিন ছবি, ভিডিও, ভয়েস মেসেজ, পিডিএফ ও নথি আদান-প্রদান হয়। বিশেষ করে গ্রুপে আসা ছবি-ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হলে অজান্তেই ফোনে অনেক ফাইল জমে যায়। একই ফাইল একাধিকবার পাঠানো হলে একাধিক কপিও তৈরি হতে পারে।
বড় আকারের অ্যাপ ও গেম: অনলাইন গেম, ভিডিও সম্পাদনার অ্যাপ, ক্যামেরা অ্যাপ ও পেশাদার কাজের সফটওয়্যার অনেক জায়গা নেয়। কিছু গেম ইনস্টল করার পর অতিরিক্ত মানচিত্র, গ্রাফিকস ও শব্দের ফাইল ডাউনলোড করে। ভিডিও সম্পাদনার অ্যাপেও প্রকল্প, অস্থায়ী ফাইল ও সম্পাদিত ভিডিও জমতে থাকে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্টোরেজ
- স্মার্টফোন