আপনার স্ত্রী কি কিছু লুকাচ্ছেন?
স্ত্রী অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছেন- এমন সন্দেহ হওয়াটা অত্যন্ত কষ্টকর একটি অভিজ্ঞতা। আপনি হয়তো তার দৈনন্দিন আচরণে ছোটখাটো পরিবর্তন লক্ষ্য করছেন, আর এর ফলে আপনি এক ধরণের মানসিক দোলাচলে পড়ে যাচ্ছেন। ভাবছেন, সত্যিই কি কোনো সমস্যা আছে, না কি আপনি কেবল অতিরিক্ত চিন্তার কারণে নিজেকে অস্থির করে তুলছেন? হয়তো তিনি তার ফোনটিকে কোনো রাষ্ট্রীয় গোপনীয় নথির মতো আগলে রাখছেন, কথোপকথন এড়িয়ে চলছেন, অথবা মানসিকভাবে আপনার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছেন।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি, আচরণের পরিবর্তন মানেই যে তিনি প্রতারণা করছেন, তা নিশ্চিতভাবে বলা যায় না। নানা কারণে মানুষ নিজেকে গুটিয়ে নিতে পারে- যেমন কর্মক্ষেত্রে প্রচণ্ড চাপ, মানসিক স্বাস্থ্যের লড়াই, চরম ক্লান্তি, অথবা কেবল নিজের জন্য কিছুটা ব্যক্তিগত পরিসরের প্রয়োজন হওয়া।
তবুও যদি আপনি এমন কিছু পরিবর্তন লক্ষ্য করেন যা আগে ছিল না, তবে আপনার মনের সন্দেহকে পুরোপুরি উপেক্ষা করা ঠিক হবে না। নিচে এমন পাঁচটি লক্ষণ দেওয়া হলো যা ইঙ্গিত দেয় যে আপনাদের সম্পর্কের সমীকরণে পরিবর্তন এসেছে-
তার ফোনটি যেন এক পরম গোপনীয় বস্তু
আপনার স্ত্রী কি হঠাৎ করেই তার ফোনের স্ক্রিন নিচের দিকে করে টেবিলের ওপর রাখছেন, পাসকোড বদলে ফেলছেন, অথবা কোনো নোটিফিকেশন এলেই অন্য ঘরে চলে যাচ্ছেন? আগে হয়তো তিনি ফোনটি সোফার ওপর ফেলে রাখতেন, কিন্তু এখন কি তিনি যেখানেই যান, এমনকী বাথরুমেও ফোনটি সাথে নিয়ে যাচ্ছেন?
কেউ যখন হঠাৎ করেই তার ফোন বা ডিভাইস নিয়ে অতিরিক্ত সতর্ক হয়ে ওঠেন, তখন স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে তিনি হয়তো অন্য কারো সাথে হওয়া বার্তাগুলো গোপন করছেন।