শীতের আগমনে বাতাসে আর্দ্রতা কমতে শুরু করে, আর এর প্রথম প্রভাব পড়ে আমাদের ত্বকে। ত্বক রুক্ষ, শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে। বাজারের নামীদামি লোশন বা ক্রিম ব্যবহার করেও অনেক সময় দীর্ঘস্থায়ী আর্দ্রতা ধরে রাখা যায় না। অথচ আমাদের হাতের কাছেই থাকা খাঁটি নারকেল তেল হতে পারে শীতের ত্বকের সবচেয়ে কার্যকর ও সাশ্রয়ী সমাধান। সঠিকভাবে ব্যবহার করতে জানলে নারকেল তেল ত্বকের ভেতরের আর্দ্রতা বা ময়শ্চার লক করে ত্বককে রাখে সারা দিন কোমল ও উজ্জ্বল।
শীতে ত্বকে যে কারণে নারকেল তেল ব্যবহার করবেন
নারকেল তেলে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন-ই। এটি ত্বকের ওপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে, যা ত্বকের ভেতরের পানি বা আর্দ্রতাকে বাষ্পীভূত হয়ে বাইরে বেরিয়ে যেতে বাধা দেয়। এ ছাড়া এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণ শীতকালীন ত্বকের সংক্রমণ ও চুলকানি রোধে সাহায্য করে।
যেভাবে ত্বকের ময়শ্চার লক করবেন
গোসলের পরপরই ভেজা ত্বকে ব্যবহার
নারকেল তেল থেকে সর্বোচ্চ উপকার পেতে এটি শুষ্ক ত্বকে না মেখে গোসলের পরপরই ব্যবহার করুন। তোয়ালে দিয়ে শরীর হালকাভাবে মুছে নিন, যেন ত্বক সামান্য ভেজা থাকে। এই অবস্থায় হাতে সামান্য নারকেল তেল নিয়ে পুরো শরীরে ভালোভাবে ম্যাসাজ করুন। ভেজা ত্বকে তেল লাগালে তা পানির অণুগুলোকে ত্বকের ভেতরে আটকে ফেলে, ফলে সারা দিন ত্বক আর্দ্র থাকে।
গ্লিসারিন ও গোলাপজলের সঙ্গে মিশ্রণ
যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তারা সরাসরি তেলের পরিবর্তে একটি ঘরোয়া ময়শ্চারাইজার তৈরি করে নিতে পারেন। ২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১ চা–চামচ গ্লিসারিন এবং ১ টেবিল চামচ গোলাপজল ভালোভাবে মিশিয়ে নিন। গ্লিসারিন বাতাস থেকে আর্দ্রতা টেনে নেয় আর নারকেল তেল সেই আর্দ্রতা ত্বকে লক করে রাখে।