নারীদের মতো পুরুষেরাও খেতে পারবেন জন্মনিয়ন্ত্রণ পিল, গবেষণায় নতুন চমক
জন্মনিয়ন্ত্রণের দায়িত্ব কি শুধু নারীদেরই? পরিবার পরিকল্পনার আলোচনায় দীর্ঘদিন ধরেই এই প্রশ্ন উঠছে। নারীদের জন্য পিল, আইইউডি, ইমপ্লান্টসহ একাধিক পদ্ধতি থাকলেও পুরুষদের বিকল্প এখনো মূলত কনডম ও ভ্যাসেকটমির মধ্যে সীমাবদ্ধ। তবে এই চিত্র বদলানোর সম্ভাবনা তৈরি করছে বিজ্ঞানীদের নতুন গবেষণা।
পুরুষদের জন্য হরমোনবিহীন এমন একটি জন্মনিয়ন্ত্রণ পিল তৈরির চেষ্টা চলছে, যা যৌনমিলনের আগে খেলে কয়েক ঘণ্টার জন্য শুক্রাণুর চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে পারে। গবেষণাটি সফল হলে পরিবার পরিকল্পনায় পুরুষদের অংশগ্রহণের ক্ষেত্রে নতুন অধ্যায় খুলতে পারে।
পুরুষদের জন্য নতুন ধরনের পিল
যুক্তরাষ্ট্রের ওয়েল কর্নেল মেডিসিনের বিজ্ঞানীরা এমনই একটি পিল তৈরির কাজ করছেন, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে। ২০২৬ সালের ২৩ অক্টোবর প্রকাশিত তথ্য অনুযায়ী, গবেষণাটিকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট থেকে চার বছরের জন্য ৮২ লাখ ডলারের অনুদান পেয়েছে গবেষক দল। প্রকল্পটির নেতৃত্বে রয়েছেন ফার্মাকোলজির অধ্যাপক ড. জোচেন বাক ও ড. লনি লেভিন। ওষুধ তৈরিতে কাজ করছেন ড. পিটার মেইনকেও।
গবেষকদের পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষাধীন পিলটি যৌনমিলনের প্রায় ৩০ মিনিট আগে খেতে হবে। এর প্রভাব ছয় থেকে আট ঘণ্টা স্থায়ী হতে পারে। এরপর শুক্রাণুর স্বাভাবিক কার্যক্ষমতা ফিরে আসার কথা। অর্থাৎ এটি দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির মতো প্রতিদিন ব্যবহার করার জন্য তৈরি হচ্ছে না, বরং প্রয়োজনের সময় ব্যবহারযোগ্য একটি পদ্ধতি তৈরিই গবেষণার লক্ষ্য। তবে এই সময়সীমা এখনো পরীক্ষাধীন ওষুধটির সম্ভাব্য বৈশিষ্ট্য, বাজারে ব্যবহারের জন্য প্রমাণিত ফল নয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- জন্ম নিয়ন্ত্রন পিল