সোরিয়াসিস কেন হয়? নিয়ন্ত্রণে যা করবেন
bonikbarta.com
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১৩:১২
সোরিয়াসিস ত্বকের প্রদাহজনিত দীর্ঘমেয়াদি একটি রোগ। এটি কোনো ছোঁয়াচে বা সংক্রামক ব্যাধি নয়। নারী-পুরুষ যে কেউ এ রোগে আক্রান্ত হতে পারে। এ রোগ পুরোপুরি নিরাময়যোগ্য নয়, তবে সঠিক চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রেখে সুস্থ জীবনযাপন করা যায়।
সোরিয়াসিস কী?
সোরিয়াসিস ত্বকের একটি অটোইমিউন বা রোগ প্রতিরোধক্ষমতার ত্রুটিজনিত রোগ, যা ত্বকের কোষের অস্বাভাবিক বিভাজনের ফলে হয়। শরীরে রোগজীবাণুর বিরুদ্ধে লড়াই করা রক্তের শ্বেতকণিকা যদি ভুল করে সুস্থ কোষগুলোকে আক্রমণ করে, তখন কোষের চক্র বা বৃদ্ধির গতি দ্রুত বেড়ে যায়। ফলে নতুন সৃষ্ট কোষগুলো ত্বকের ওপর খসখসে, লালচে ও সাদাটে আঁশের আস্তরণ সৃষ্টি করে, যা সোরিয়াসিস নামে পরিচিত।