পেনশন ব্যয় ৫ বছরে বেড়ে হবে ৫১ হাজার কোটি টাকা
নতুন বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হলে আগামী পাঁচ বছরে সরকারি কর্মচারীদের পেনশন ব্যয় দ্বিগুণ হয়ে প্রায় ৫১ হাজার কোটি টাকায় পৌঁছাবে, যা বাজেটে ‘অসহনীয় আর্থিক চাপ’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে জাতীয় বেতন কমিশন।
কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে গড়ে বছরে প্রায় ৪ দশমিক ৫ শতাংশ হারে পেনশনভোগীর সংখ্যা বেড়েছে।
২০১৫ সালের বেতন কাঠামো অনুযায়ী, গত অর্থবছরের প্রথম ছয় মাসে পেনশন খাতে ব্যয় হয়েছে ১২ হাজার ৩৩৫ কোটি টাকা। সেই হিসাবে ওই বছরে এ ব্যয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৪ হাজার ৬৭০ কোটি টাকা।
নতুন বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হলে ২০২৫-২৬ অর্থবছরে ৯ লাখ ১৬ হাজার পেনশনভোগীর জন্য বার্ষিক পেনশন ব্যয় বেড়ে ৩৪ হাজার ৬২৯ কোটি টাকা হবে।
২০২৯-৩০ অর্থবছরে পেনশনভোগীর সংখ্যা বেড়ে ১০ লাখ ৪৫ হাজারে পৌঁছাতে পারে এবং ব্যয় বেড়ে দাঁড়াবে ৫০ হাজার ৬৮৪ কোটি টাকা।
কমিশন বলেছে, পেনশনের দাবি মেটাতে ক্রমবর্ধমান ব্যয় জাতীয় বাজেটের ওপর বাড়তি চাপ তৈরি করছে। দীর্ঘ মেয়াদে এ চাপ অসহনীয় পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় টেকসই সংস্কার প্রয়োজন বলেও উল্লেখ করেছে কমিশন।
রিপোর্টে বলা হয়, অবসরপ্রাপ্তদের গড় আয়ু বেড়ে যাওয়ায় বর্তমানে অবসরপ্রাপ্ত কর্মচারীরা ২০ বছর বা তার বেশি সময় ধরে পেনশন পাচ্ছেন।