হঠাৎ করেই শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আবুল হায়াতের মৃত্যুর ভুয়া খবর। এতে উদ্বিগ্ন হয়ে দেশ-বিদেশে থাকা আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা একের পর এক ফোন করতে থাকেন।
কেউ কেউ আবার কান্নায়ও ভেঙে পড়েন। নিজের মৃত্যুর গুজবে বিরক্ত ও বিব্রত বর্ষীয়ান এই নির্মাতা-অভিনেতা।
রবিবার বিকেলে সংবাদমাধ্যমকে আবুল হায়াত জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। অভিনেতা বলেন, ‘আমি একদম ঠিক আছি।
গতকাল থেকে এমন খবর ছড়িয়েছে। প্রথমে বিষয়টি খুব একটা পাত্তা দিইনি। কিন্তু আজ দেখছি, এটা সীমা অতিক্রম করেছে। দেশ-বিদেশে থাকা আমার বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনেরা একের পর এক ফোন করছেন। কেউ কেউ তো কাঁদছিলেনও। বিষয়টি খুবই বিরক্তিকর এবং বিব্রতকর।’
৩ অক্টোবর রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট ও ভিডিওর মাধ্যমে আবুল হায়াতের মৃত্যুর গুজব ছড়ানো হয়। শুরুতে বিষয়টিকে গুরুত্ব না দিলেও রবিবার গুজব আরো ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, তার মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন।