‘সুরিয়াভানশি যা করে, স্বপ্নেও ভাবা যায় না’
সতীর্থ কেউ যখন অসাধারণ কিছু করতে থাকে, তার প্রতি হিংসা হওয়াটা অস্বাভাবিক নয়। মানুষের সহজাত প্রবৃত্তি হিসেবে তুলনাও চলে আসে। কিন্তু বৈভাব সুরিয়াভানশিকে এসবের উর্ধ্বে বলেই মনে করেন ধ্রুব জুরেল। ভারতের এই ব্যাটসম্যানের মতে, সুরিয়াভানশি সব ঈর্ষা ও তুলনার বাইরে।
ভারতীয় দলে এখনও একসঙ্গে খেলা হয়নি এই দুজনের। সুরিয়াভানশি আপাতত ভারতের টি-টোয়েন্টি দলে থাকছেন। জুরেল ভারতের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলেছেন, তবে সবশেষটি ছিল গত বছর। তিনি এখন ভারতের টেস্ট দলের নিয়মিত সদস্য। ১২ টেস্ট খেলে দুটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন।
তবে আইপিএলে দুজন সতীর্থ। দুজনই খেলছেন রাজস্থান রয়্যালসে। ২০২২ আইপিএলের আগে জুরেলকে ২০ লাখ রুপিতে নিয়েছিল রাজস্থান। সেই ক্রিকেটারকেই গত দুটি আইপিএলে তারা ধরে রাখে ১৪ কোটি রুপিতে। সুরিয়াভানশিকেও ভারতীয় ক্রিকেটে তথা বিশ্ব ক্রিকেটে উপস্থাপন করেছে এই রাজস্থানই।