জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কেন মোদি নেই
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাননি। তাঁর স্থলে ভারতের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিউইয়র্কে চলা সাধারণ পরিষদের বিতর্কে ২৬ সেপ্টেম্বর ভারতের হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এবং বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকেও অংশ নিচ্ছেন।
মোদি কেন এবার সাধারণ পরিষদের অধিবেশনে যাচ্ছেন না, তার কোনো সুনির্দিষ্ট সরকারি কারণ প্রকাশ করা হয়নি। তবে বিশ্লেষকেরা বিষয়টিকে নানাভাবে ব্যাখ্যা করছেন।
প্রথম বিষয়টি হলো, এটি একেবারে নতুন কোনো প্রবণতা নয়। মোদি ২০২৪ সালের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়েছিলেন এবং নিউইয়র্কে বিভিন্ন নেতার সঙ্গে বৈঠক করেছিলেন। তবে ২০২৫ সালে ভারতের প্রতিনিধিত্ব করেন জয়শঙ্কর, আর ২০২৬ সালেও একই ব্যবস্থা। অর্থাৎ, অন্তত সাম্প্রতিক দুই বছর ভারত প্রধানমন্ত্রীকে না পাঠিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সাধারণ পরিষদের মঞ্চে প্রতিনিধিত্ব করানোর পথ বেছে নিয়েছে।