লিবিয়ার বেনগাজি নৌঘাঁটিতে নোঙ্গর করা রাশিয়ার একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিবিসি লিখেছে, রোববার ভোরে রাশিয়া ফেরার পথে জ্বালানি ও রসদ নেওয়ার সময় জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ড্রোন হামলায় এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় সরকারের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাহাজটিতে হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি।
ড্রোন হামলার জন্য ইউক্রেইনকে সন্দেহ করা হলেও বিষয়টি নিশ্চিত নয়। মস্কো এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, ভোরে হামলার শিকার জাহাজটি আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে।
প্ল্যানেট ল্যাবস পিবিসির স্যাটেলাইট চিত্রেও দেখা গেছে, ভোর ৫টা ৪৭ মিনিটে বেনগাজি বন্দরে জাহাজটিতে আগুন জ্বলছিল।