বিবাহবিচ্ছেদের পর ছেলেদের উদ্দেশে যে আবেগঘন বার্তা দিলেন সেলিনা জেটলি
সাবেক সৌন্দর্যের রানি ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাব অর্জনকারী ও বলিউডের মডেল-অভিনেত্রী সেলিনা জেটলি বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে টানাপোড়েনের মধ্যেই সন্তানদের থেকে দূরে রয়েছেন। ১৫ বছর দাম্পত্যের পর পিটার হাগের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। এরপরই সন্তানরা হয়ে পড়েন মাঝ সাগরে।
মুম্বাইয়ের একটি আদালতে স্বামীর বিরুদ্ধে পারিবারিক হিংসা আইনে মামলা করেছেন অভিনেত্রী সেলিনা জেটলি। সন্তানদের পাশাপাশি সম্পত্তি নিয়েও দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। অভিনেত্রীর অভিযোগ, তাকে সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে তিন পুত্র উইনস্টন, বিরাজ ও আর্থারের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন সেলিনা জেটলি। স্কুলে নতুন ক্লাসে প্রথম দিনে ছেলেদের পাশে থাকতে না পারার আক্ষেপ ফুটে উঠেছে তার সেই লেখায়।
অভিনেত্রী সেলিনা জেটলির দাম্পত্য জীবনে এখনো টানাপোড়েন চলছে। স্বামী পিটার হাগের সঙ্গে বিবাহবিচ্ছেদের আইনি লড়াই চলছে। তার মাঝে সন্তানদের থেকেও দূরে রয়েছেন তিনি। ছেলেদের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করে নিয়ে সেলিনা লিখেছেন— এখানেই কথাগুলো লিখছি। কারণ আমার ছেলেদের কাছে পৌঁছাতে পারছি না। ওদের নতুন ক্লাস শুরু হলো। একটা আলিঙ্গন, একটা চুমু আর তোমাদের মুখে ‘স্কুলে যাচ্ছি মা’ শুনতে পাব না। একসময় তোমাদের স্কুলের বইয়ের মলাট আমি নিজে লাগিয়ে দিতাম। আজ তোমাদের জন্য প্রার্থনা করছি মাত্র।