উইপোকা থেকে টাকা ও প্রয়োজনীয় নথি বাঁচাতে যা করবেন
উইপোকা টাকা খেতে পছন্দ করে, বিষয়টি এমন নয়। বরং ওদের প্রধান খাদ্য উপাদান সেলুলোজ নামের একটি জটিল শর্করা। কাঠের সিংহভাগ অংশই সেলুলোজ। এটি উদ্ভিদের কোষপ্রাচীরের প্রধান উপাদান। কাগজের নোট তৈরিতে কাঠ বা উদ্ভিজ্জ উপাদান ব্যবহার করা হয়, ফলে এসব নোট সামনে পেলে উইপোকা খেয়ে ফেলে। একই কারণে বই, কার্ডবোর্ড, পুরোনো কাগজ, গুরুত্বপূর্ণ কাগুজে নথি কিংবা পুরোনো চিঠি উইপোকা থেকে নিরাপদ নয়।
উইপোকার যত কাণ্ড
সম্প্রতি গাইবান্ধার এক প্রান্তিক কৃষকের জমানো দুই লাখ টাকা উইপোকা এবং ইঁদুর নষ্ট করে ফেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেই কৃষকের আহাজারি অনেকেই দেখেছেন।
তবে এমন ঘটনা শুধু দেশে নয়, দেশের বাইরেও লক্ষ করা যায়। ২০১৬ সালে ভারতের লক্ষ্ণৌর কাছাকাছি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি শাখায় ঘটেছিল এমনই এক ঘটনা।
প্রায় এক কোটি রুপি উইপোকা নষ্ট করে ফেলেছিল। ব্যাংকের সুরক্ষিত কক্ষে স্টিলের বাক্সে টাকাগুলো রাখা ছিল। তবু সেসব রক্ষা পায়নি। ২০১৩ সালে চীনের গুয়াংডং প্রদেশে এক নারীর প্রায় ৪ লাখ ইউয়ান নষ্ট করেছিল উইপোকা। সন্তানদের থেকে উপহার পাওয়া সেই অর্থ কাঠের ড্রয়ারে রেখেছিলেন। ছয় মাস পর দেখেন, টাকাগুলো উইপোকা খেয়ে ফেলেছে।