আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনেরও বেশি
আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত এবং ৬৬৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু। এ সময়ে প্রতিদিন গড়ে সড়কে প্রাণ হারিয়েছেন ১৫ জনেরও বেশি। গত জুলাইয়ে এ সংখ্যা ছিল ১৩ জন। সেই হিসাবে আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে ১৫ দশমিক ৬৫ শতাংশ।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) আগস্ট মাসের দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করে রোড সেফটি ফাউন্ডেশন।
প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হয়েছেন। মোট নিহতের ৩৬ দশমিক ৫৯ শতাংশই মোটরসাইকেল চালক ও আরোহী। এ ছাড়া ১০২ জন পথচারী এবং যানবাহনের ৬৭ জন চালক ও সহকারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬১ জন শিক্ষার্থীও রয়েছেন।
সড়ক দুর্ঘটনার পাশাপাশি আগস্টে ৭টি নৌদুর্ঘটনায় ৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। ৩৪টি রেলপথ দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের বিশ্লেষণ অনুযায়ী, আগস্টে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। এসব সড়কে ২১৭টি দুর্ঘটনা হয়েছে, যা মোট দুর্ঘটনার ৪২ দশমিক ৩০ শতাংশ। জাতীয় মহাসড়কে ১৬৩ টি, গ্রামীণ সড়কে ৬২টি এবং শহরের সড়কে ৭১টি দুর্ঘটনা ঘটেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সড়ক দুর্ঘটনায় নিহত