ইরান নিয়ে ট্রাম্প কি আবার কোনো ‘কৌশল’ ঠিক করলেন, এটি কি কাজে দেবে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় এক মাস পাল্টাপাল্টি হামলা বন্ধ থাকার পর এ সপ্তাহে আবার হামলা শুরু হয়েছে। ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়েছিল। গত শুক্রবার ইরান যুদ্ধ ছয় মাস পূর্ণ করেছে।
চলতি সপ্তাহে ইরানে নতুন করে হামলার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের নতুন একটি পর্যায় শুরু করার ইঙ্গিত দিয়েছেন।
গত সোমবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের ওপর কঠোর আঘাত হানব…এর জবাব দেওয়া হবে।’
এর আগের রাতে মার্কিন বাহিনী ইরানের লারাক দ্বীপে হামলা চালায়। পাল্টা জবাব দিতে ইরান প্রতিবেশী জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের ওই হামলার কিছুক্ষণ পর ট্রাম্প কঠোর আঘাত হানার এই হুমকি দেন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস বলেছে, এই সংঘাতে ওয়াশিংটন হয়তো নতুন একটি ‘যুদ্ধ নয়, আবার শান্তিও নয়’ কৌশলে যাচ্ছে। এই কৌশলের আওতায় যুক্তরাষ্ট্র দীর্ঘস্থায়ী যুদ্ধে না জড়িয়ে মাঝেমধ্যে ইরানের ওপর হামলা চালানোর লক্ষ্য ঠিক করেছে।