নাইজেরিয়ার ওনডো রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গতকাল সোমবার সামরিক একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু। উড়োজাহাজটি বেনিন থেকে লাগোসের দিকে যাচ্ছিল।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় কেউ বেঁচে নেই বলে তিনি জানান।
এক বিবৃতিতে তিনুবু জানান, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নাইজেরিয়ার বিমানবাহিনীকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।
অ্যাভিয়েশন কর্মকর্তা ফেসটাস কিয়ামো বলেছেন, বেনিন সিটি থেকে লাগোসের দিকে যাওয়ার পথে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে যায়। সাম্প্রতিক সময় নাইজেরিয়ায় যেসব ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে, তার মধ্যে এটি অন্যতম।
ইগবোগোটা উপকূলীয় শহরের কাছে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সেখানে তল্লাশি ও উদ্ধারকাজ চলছে।