যে কারণে খালেদা জিয়া সেজেছিলেন অভিনেত্রী চমক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লুকে হাজির হয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর একটি পর্বে খালেদা জিয়ার পরিচিত সাজ ও পোশাকে দেখা যায় তাকে।
চমকের এই লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকের মনে প্রশ্ন ওঠে, হঠাৎ কেন খালেদা জিয়ার সাজ বেছে নিলেন তিনি? এর পেছনে কি ভাইরাল হওয়ার উদ্দেশ্য ছিল?
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি পরিষ্কার করেছেন চমক। তিনি জানান, তার ভ্লগ সিরিজে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সময় সংশ্লিষ্ট পোশাক ও সাজ ব্যবহার করেন। খালেদা জিয়ার লুকও সেই ধারাবাহিকতার অংশ।
ভাইরাল হওয়ার জন্য এমন সাজ নিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে চমক বলেন, ‘আপনারা কি আমার ‘ডিসকভারিং বাংলাদেশ’ ব্লগ আগে দেখেন নাই? এর আগে আমি যখন মনিপুরী বা গারোদের নিয়ে ভিডিও করছি, তখন তাদের কস্টিউম পরেছি। আমি যখন তাঁতশিল্প নিয়ে ভিডিও করছি, তখন তাঁতের শাড়িটা পরছি। আমি যখন যে ভিডিওটা করি, তখন সেটার লুক নিই। ভাইরাল হওয়ার জন্য এটা করিনি। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, এটা আমার ভিডিও বানানোর প্যাটার্ন।’