তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত?

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৯:৫৪

প্রতিবেশী দুটি দেশের সরকারের মধ্যে চালাচালি হওয়া ই-মেইল থেকে তাদের সম্পর্কের বিষয়ে আভাস পাওয়া যাচ্ছে– এমনটা খুব বেশি দেখা যায় না।


কিন্তু চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দফতর থেকে পাঠানো এক বার্তা ঠিক সেটাই করেছিল, যা দ্রতই নজর কাড়ে কূটনীতিক ও সাংবাদিকদের।


বার্তায় বলা হয়, সপ্তাহের শেষ দিকে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হওয়ার কথা থাকলেও 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর প্রস্তুতি হিসেবে সেখানে এই মহড়া চলছিল।


সমস্যা ছিল একটাই, এই সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।


কয়েক ঘণ্টার মধ্যেই ই-মেইলটি প্রত্যাহার করে নেওয়া হয়। তবে এর ফলে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনা আরও জোরালো হয়।


একই সঙ্গে বাংলাদেশের নতুন নেতাকে দিল্লিতে নিয়ে আসতে ভারতের প্রচেষ্টার বিষয়টিও সামনে আসে।


সফরে এখনো সম্মতি দেননি তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ বিবিসিকে বলেন, "সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।"


প্রতিবেশী দেশের এই নেতাকে আলোচনার জন্য দিল্লিতে আমন্ত্রণ জানাতে আগ্রহী ভারত। আর সফরের সময়টিও গুরুত্বপূর্ণ।


ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনে তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি বিপুল বিজয় পাওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া তারেক রহমানের এটাই হবে প্রথম ভারত সফর।


এই নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করে। এর আগে দেশটির দীর্ঘদিনের নেতা শেখ হাসিনা ২০২৪ সালের অগাস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন। ওই অভ্যুত্থানে শত শত মানুষ নিহত হন। এরপর তিনি ভারতে পালিয়ে যান এবং সেখানেই অবস্থান করছেন।


হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দায়িত্ব নেওয়া মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্কের দ্রুত অবনতি ঘটে।


এখন দিল্লি আশা করছে, দুই দেশের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ককে তারেক রহমানের সরকার নতুন করে সাজানোর সুযোগ তৈরি করবে। তবে ভারতের মাটিতে হাসিনার অবস্থান বিষয়টিকে আরও কঠিন করে তুলছে।


হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে অনুরোধ করেছে বাংলাদেশ। গণঅভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী বলপ্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগে হাসিনার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।


সালেহ বলেন, "আমরা অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছি এবং শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।"


ভারত বলেছে, বাংলাদেশের এই অনুরোধটি বিবেচনা করা হচ্ছে।


তা সত্ত্বেও নতুন সরকারের সাথে বারবার যোগাযোগের উদ্যোগ নিয়েছে দিল্লি।


তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরপরই তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। আর সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।


তারেক রহমান ভারত সফরে গেলে তাকে "সর্বোচ্চ সম্মান" এবং "স্মরণীয় অভ্যর্থনা" দেওয়া হবে বলে জানিয়েছেন ত্রিবেদী।


ভারতের জন্য প্রকাশ্যে এমন উৎসাহ দেখানো অস্বাভাবিক। প্রতিবেশী কোনো দেশের নেতাকে দিল্লিতে স্বাগত জানানোর ব্যাপারে ভারত সাধারণত এতটা আগ্রহ দেখায় না।


সাবেক ভারতীয় পররাষ্ট্রসচিব শ্যাম শরণ বিবিসিকে বলেন, "আমি মনে করি, (দিল্লিতে) কিছুটা হতাশা তৈরি হয়েছে। কারণ হাসিনাকে হস্তান্তর ছাড়া ঢাকার সঙ্গে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে তারা বেশ অনেকটাই এগিয়েছে।"


বাংলাদেশের তাৎক্ষণিক কিছু প্রয়োজন মেটাতেও ভারতের প্রচেষ্টার কথা উল্লেখ করেন শরণ। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ এবং চিকিৎসার জন্য ভিসা দেওয়া।


বাণিজ্য সহজ করতে দুই দেশের মধ্যে থাকা কয়েকটি দ্বিপক্ষীয় ব্যবস্থাও পুনরুজ্জীবিত করা হয়েছে বলে জানান তিনি।
অবশ্য দুই দেশের জন্যই এই সম্পর্কের অনেক কিছু ঝুঁকির মধ্যে রয়েছে।


ভারত ও বাংলাদেশের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটার (২ হাজার ৫৪৫ মাইল) সীমান্ত রয়েছে। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্কও রয়েছে। গত বছর দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১২ বিলিয়ন ডলারের বেশি, যার সিংহভাগই ছিল ভারতের দিক থেকে।


ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যোগাযোগ ও প্রবেশাধিকার বাড়ানোর প্রচেষ্টার ক্ষেত্রেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও